‘শেখ হাসিনা দেশকে সংঘাতের দিতে ঠেলে দিচ্ছেন’
ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা দেশকে ‘সংঘাতের’ দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে হরতাল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মুক্তির দাবিতে নগর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কাজীর দেউড়ী, লাভলেইন, তিনপোলের মাথা এলাকায় আমীর খসরুর নেতৃত্বে মিছিল হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার সামরিক কায়দায় দেশ শাসন করছে। শেখ হাসিনা যে পথে হাঁটছেন সেটি গণতন্ত্রের নয়, একনায়কতন্ত্রের। এই পথ সংঘাতের।
“শেখ হাসিনা নিজের ক্ষমতাকে ধরে রাখতে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।”
বিনাকারণে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে দাবি করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, সরকারি দলের নেতাকর্মীরা শেয়ার বাজার, ইউনিপেটু, পদ্মা সেতুসহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লুট করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। অথচ তাদের কোন বিচার হচ্ছে না।
মাহমুদুর রহমানকে ‘ভিন্নমত’ প্রকাশের কারণে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন আমীর খসরু।
নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবার খন্দকার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
অন্যদিকে নগরীর লাভলেইন মোড়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সমাবেশ মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানানো হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক বিবৃতিতে মাহমুদুর রহমানকে ‘সত্যনিষ্ঠ ও সাহসী’ সাংবাদিক উল্লেখ করে তার মুক্তির দাবি জানানো হয়।
