স্থায়ী কমিটির সঙ্গে বসছেন খালেদা
সারা দেশে ৩৬ ঘণ্টা হরতালের পর করণীয় ঠিক করতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন চেয়ারপার্সন খালেদা জিয়া।
তিনি বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতেই দলের চেয়ারপারসন জরুরি এই বৈঠক ডেকেছেন।”
স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতারা গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে সাংগঠনিক কার্যক্রম এবং পরবর্তী করণীয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।
বিএনপির স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন কাদের চৌধুরী, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় বর্তমানে কারাগারে রয়েছেন। আর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আছেন দেশের বাইরে।
গত কিছুদিনে হরতালসহ বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বিএনপির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা।
গত রোববার আদালত মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠায়।
যুগ্ম মহাসচিবদের মধ্যে আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহানকেও আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
বিএনপির যুগ্মমহাসচিবদের মধ্যে এখন শুধু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুই বাইরে রয়েছেন।
অন্য নেতাদের অনুপস্থিতিতে গত কিছুদিন ধরে দলের সংবাদ সম্মেলনে থাকতেন কক্সবাজারের সাবেক সাংসদ সালাউদ্দিন। গত সোমবার তাকেও গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে বিএনপি সারা দেশে হরতাল করলেও এই পরিস্থিতিতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এক প্রকার কর্মীশূন্যই থাকছে।
মঙ্গল-বুধ টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
সেখানেই রাত কাটানোর পর বুধবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, “সারাদেশে পুলিশি আচরণে কেবল বিএনপির নেতা-কর্মী নয়, সাধারণ মানুষও আতঙ্কে আছে। গণহত্যা ও দমন-নির্যাতন চালিয়ে সরকার দেশে অন্যায় ও অবিচার প্রতিষ্ঠা করছে।”
