২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নে প্রাধান্য পাচ্ছে জলিলের পরিবারই

আব্দুল জলিলের সংসদীয় আসনে তার পরিবারের কাউকেই প্রার্থী করতে চাইছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে শূন্য নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে মঙ্গলবার বৈঠক করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।

রাতে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে জলিল পরিবারের কাউকে মনোনয়ন দেয়ার বিষয়ে মতৈক্য হয় বলে আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, “বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আব্দুল জলিলের পরিবারের সবার সম্মতিতে যদি একজনকে প্রার্থী করা হয়, তাহলে আওয়ামী লীগ আর কাউকে প্রার্থী করার চিন্তা করবে না।”

এর আগে আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর তার আসনে ছেলে নাহিম রাজ্জাক এবং আখতারুজ্জামান চৌধুরী বাবুর আসনে তার ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ এবং তার দুজনই এখন সংসদ সদস্য।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জলিল গত ৬ মার্চ মারা যাওয়ার পর নওগাঁ-৫ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

আগামী ২৫ মে ওই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকের পর দলের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস সাংবাদিকদের জানান, দলীয় প্রার্থিতার জন্য মনোনয়ন ফরম আগামী ১৫ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে।

আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুকদের ১০ হাজার টাকা দিয়ে ওই মনোনয়ন ফরম কিনতে হবে এবং তা ১৮ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।

১৯ এপ্রিল আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের পরবর্তী বৈঠক হবে এবং সেদিনই আগ্রহীদের সাক্ষাৎকার নিয়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি জানান, উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জলিলের পরিবারের সদস্যরা ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী বকু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, প্রবীণ নেতা হাসেম আলীর নাম আলোচনায় রয়েছে।

তবে ফজলে রাব্বী ও মালেক দুজনই বলেছেন, দল যাকে মনোনয়ন দেবে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবেন তারা।

সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে অংশ না নেয়া বিএনপি এই নির্বাচনও বর্জন করবে বলে ধারণা নওগাঁ জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খাঁন জোহার।

তিনি বলেন, “আমাদের নির্বাচনে না যাওয়ার সম্ভাবনাই বেশি।”

গত ২০০৮ এর নির্বাচনে আব্দুল জলিল নৌকা মার্কায় ১ লাখ ৩৬ হাজার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল লতিফ খান পেয়েছিলেন ৯০ হাজার ৬৬২ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপনির্বাচনের যাবতীয় কার্যক্রম শুরু করেছেন তারা।

সদর উপজেলার এই আসনে ৮৪টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪০৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ১৩৬ জন এবং মহিলা ১ লাখ ৪০ হাজার ২৬৯ জন।