কর্মীশূন্য বিএনপি অফিস, দুদুকে নিয়ে টানা হেঁচড়া
শীর্ষ নেতারা একের পর এক গ্রেপ্তার হওয়ায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন প্রায় কর্মীশূন্য।
জ্যেষ্ঠ নেতারা গ্রেপ্তার হওয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ হরতালের দিনগুলোতে দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের কাজটি করে আসছিলেন। কিন্তু সোমবার রাতে তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার হরতাল শুরুর পর সকাল সোয়া ৮টার দলীয় কার্যালয়ে যান বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। কিন্তু তিনিও পুলিশ সদস্যদের টানা হেচড়ার মধ্যে পড়েন।
পুলিশ প্রথম দফায় দুদুকে কার্যালয়ে প্রবেশে বাধা দিলেও পরে ভেতরে ঢুকতে দেয়। সেখানে কলাপসিবল গেইটের ভেতরে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “সরকার দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চায়।”
বর্তমান পরিস্থিতিকে ‘সঙ্কটজনক’ অভিহিত করে ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, “সরকারের দমনপীড়নের মাত্রা দেখে দেশবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। তারপরও আমরা বলতে চাই- যত নির্যাতনই আসুক না কেন- আমাদের নেতাদের মুক্তি ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না।”
হরতালের মামলায় গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট শীর্ষ নেতাকে কারাগারে পাঠায় আদালত।
ফখরুলের সঙ্গে কারাগারে পাঠানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে।
এছাড়া যুগ্ম মহাসচিবদের আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহানকে আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
অন্য নেতাদের অনুপস্থিতিতে গত কিছুদিন ধরে ফখরুলের সঙ্গে সংবাদ সম্মেলনে থাকতেন কক্সবাজারের সাবেক সাংসদ সালাউদ্দিন। সোমবার গ্রেপ্তার হওয়ার ঘণ্টা খানেক আগেও তিনি দলের পক্ষে সংবাদ সম্মেলনে আসেন।
মঙ্গলবার হরতালের শুরুতেই ভোর ৬টা থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। কাছাকাছি সতর্ক অবস্থানে দেখা যায় র্যাব সদস্যদেরও।
বিএনপি অফিসের কাছেই সাঁজোয়া যান ও জলকামানের গাড়িও তৈরি রাখা হয়েছে।
কার্যালয়ের কলাসিবল গেইট বন্ধ রয়েছে। গেইটের সামনেই অবস্থান করছে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ সদস্যরা।
শামসুজ্জামান দুদু ছাড়া সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু ও কয়েকজন অফিস সহকারি কার্যালয়ে অবস্থান করছেন।
নয়া পল্টন সড়কে হরতালের মধ্যেও রিকসা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে সড়কে দুই পাশের দোকান-পাট ও বিপনী বিতানগুলো বন্ধ রয়েছে।
