হরতালে নাটোরে সংঘর্ষ
তিন জেলায় জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নাটোরে সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন।
এছাড়া রাজশাহীতে হরতালে কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা চালালেও পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়।
রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর ও ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে এ হরতালের ডাক দেয় জামায়াত। এতে বিএনপি সমর্থন দেয়।
এইচএসসি ও আলিম পরীক্ষা হরতালের আওতামুক্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, রোববার দুপুরে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে আওয়ামী লীগ ও হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের কারণে নাটোর ও আব্দুলপুরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আব্দুলপুর রেল জংশনে ঢাকা থেকে আসা নীলসাগর এক্সপ্রেস, উত্তরা এক্সপ্রেস ও রূপসা এক্সপ্রেস আটকে পড়ে বলে জানান বাগাতিপাড়া থানার ওসি মোজাম্মেল হোসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হরতালবিরোধীদের হামলায় দিগন্ত টেলিভিশনের নাটোর প্রতিনিধি ইসহাক আলী আহত হন।
যুবলীগকর্মীরা পেটানোর পাশাপাশি তার মোটর সাইকেলটি ভাংচুর করে বলেও অভিযোগ উঠেছে। ইসাহাককে সদর হাসপাতালে নেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে বিকালে জানিয়েছেন ওসি।
স্থানীয়রা জানায়, মালঞ্চি বাজারে সংঘর্ষের সূত্রপাত হয় বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজুল ইসলাম এবং আওয়ামী লীগ কর্মী মইনুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা থেকে। এরপর দুই পক্ষ অস্ত্রসস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে।
মমতাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, মইনুল ইসলামও আহতদের মধ্যে রয়েছেন।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দয়রামপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, মহানগরীতে সকাল থেকে হরতালের সমর্থনে কোথাও পিকেটারদের দেখা যায়নি।
সময়মতো ট্রেন ছেড়ে গেলেও রাস্তায় নামেনি ভারী যানবাহন। তবে নগরীতে হালকা যানবাহন চলাচল করেছে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, হরতালে নাশকতা এড়াতে নগরীতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ। ফলে রাস্তায় নামতে পারেনি হরতালের সমর্থকরা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বিচ্ছিন্ন গোলযোগের মধ্য দিয়ে সেখানে হরতাল চলে।
হরতালের সমর্থনে চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর সড়কে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়ক ও শহরে বিজিবি, র্যাব ও পুলিশ টহল দেয়।
জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। সব দোকান-পাট বন্ধ ছিল।
