লংমার্চের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকছে আ.লীগ
হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চ থেকে কোনো ধরনের নাশকতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারি বলেন, “আমাদের কাছে খবর এসেছে, হেফাজতে ইসলামের লংমার্চে জামায়াত ঢুকে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই ঐ দিন আপনারা সবাই তাদের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবেন।”
শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে লংমার্চ করে আগামী ৬ এপ্রিল রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
নেতাকর্মীদের উদ্দেশে হানিফ বলেন, “জামায়াত-শিবির তাদের (হেফাজতে ইসলাম) কর্মসূচিতে অনুপ্রেবেশ করে যাতে কোনো ধরনের নৈরাজ্য করতে না পারে। এর জন্য আজ প্রতিটি থানায়, ওয়ার্ডে মিটিং করুন। আগামীকাল প্রতিটি থানায়, ওয়ার্ডে সভা করুন। সহিংসতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাই সকলকে প্রস্তুত থাকতে হবে।”
“যদি কোন সংগঠন নাশকতা করতে চায়, তাহলে তাদের কিভাবে ঠেকাতে হবে তা বাঙালি জানে”, যোগ করেন হানিফ।
শান্তিপূর্ণ লংমার্চের নামে কেউ নাশকতা চালালে প্রশাসন প্রতিরোধ করবে বলে তিনি জানান।
হেফাজতে ইসলামের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “কারো যদি কোনো দাবি থাকে তাহলে আপনারা সরকারের কাছে আসুন। সরকার অবশ্যই আপনাদের দাবি পূরণ করবে।”
ইসলাম ধর্মকে অবমাননা করায় চারজন ব্লগারকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে হানিফ বলেন, “যারা ব্লগে ধর্ম নিয়ে ভবিষ্যতে কটুক্তি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ধর্ম নিয়ে কটুক্তির দায়ে আরো ব্লগারকে গ্রেপ্তার করা হবে।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে এই বর্ধিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
