খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এসে সংঘর্ষে
যশোরের শার্শা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বাগআচড়া বাজারে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এসে ওই দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গত ২৮ ফেব্রুয়ারি পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষে কলারোয়ায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়া যশোর হয়ে সাতক্ষীরায় যান।
শার্শা থানা পরিদর্শক ছয়রুদ্দিন আহম্মেদ জানান, শুভেচ্ছা মিছিল করার সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মহসিন কবীর এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়।
সংঘর্ষে অন্তত ১০জন আহত হয় বলে জানান তিনি। “পারে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার ধানতাড়া গ্রামের বাদল গাজীর ছেলে আরশাদ আলী (৪৫) ও সোনাতোনকাটি গ্রামের ইউসুফ ঢালির ছেলে মন্টু মিয়া (৩৪)।
