গ্রেপ্তারে ভয় পাই না: খালেদা
সরকারের মন্ত্রীদের মামলার হুমকি উড়িয়ে দিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা বলেছেন, ‘গণহত্যার’ জন্য সরকারকেই একদিন বিচারের মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন, “আমি না-কি সরকারের টার্গেট। আমাকে ধরা হবে। স্পষ্টভাষায় বলতে চাই, এসবে আমি ভয় পাই না।”
“আমি দেশের গণতন্ত্র এর জন্য সংগ্রাম করেছি। স্বৈরাচারকে হটিয়েছি। দেশের মানুষের জন্য অনেকে উন্নয়ন করেছি। সরকারের এসব হুমকিতে আমি ভয় পাই না”, যোগ করেন তিনি।
হরতালে হত্যা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৮ দলীয় জোটের নেতাদের ‘হুকুমের আসামি’ করা হবে বলে মঙ্গলবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জবাবে সারাদেশে ‘গণহত্যার’ জন্য বর্তমান সরকারকেই একদিন বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দেন খালেদা। আর যুদ্ধাপরাধের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করার দাবি জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর একাত্তরের সালে সরকারি কর্মকর্তা হিসেবে পাকিস্তানের পক্ষে কাজ করেছেন উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “তৎকালীন সাংবাদিক সিরাজুর রহমান ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, একাত্তর সালে এই স্বরাষ্ট্রমন্ত্রী রাজকার ছিলেন। সরকারকে বলব, আপনারা সত্যিকারের যুদ্ধাপরাধীর বিচার চাইলে আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করুন।”
আওয়ামী লীগে অনেক যুদ্ধাপরাধী রয়েছে অভিযোগ করেন খালেদা। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আবারও স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রাখার দাবি জানান তিনি।
“আমরা ক্ষমতায় গেলে প্রকৃত যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী ও রাজকারদের আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার করবো।”
গত ২ মার্চ পুলিশের গুলিতে কলারোয়া উপজেলার কামারখালি গ্রামের দুই সহোদর আরিফ বিল্লাহ ও রুহুল আমিন, ওফাপুর গ্রামের শামসুর রহমান ও মনিরামপুর এর আনিসুল ইসলাম নিহত হয়।
স্থানীয় বিএনপি নেতারা জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে পুলিশ ও বিজিবির গুলিতে সাতক্ষীরার সদরে ৮ জন, কলারোয়ায় তিনজন এবং যশোরের মনিরামপুরে একজনসহ মোট ১২ জন নিহত হয়।
ঝিকড়গাছা স্থানীয় বিএনপির সভাপতি নাজমুলের কথা উল্লেখ করে তিনি বলেন, “গুম করে নিয়ে গিয়ে নাজমুলকে হত্যা করা হয়েছে। আমাদের দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে এখনো খোঁজ পাওয়া যায়নি। কারো লাশ পাওয়া যাচ্ছে, কারো পাওয়া যাচ্ছে না। আজ ঘরে-বাইরে এবং কি ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও মানুষের নিরাপত্তা নেই।”
গুলশানে তার কার্যালয়কে লক্ষ্য করে মঙ্গলবার দুর্বৃত্তদের গুলি ছোঁড়ার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “আজ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমার অফিসেও গুলি করা হয়েছে। আমাদের অফিসেও আমাদের নিরাপত্তা নেই।”
পদ্মাসেতুর দুর্নীতির কথা উল্লেখ করে খালদা জিয়া বলেন, “কানাডার আদালতে ওই সাবেক যোগাযোগমন্ত্রীকে (সৈয়দ আবুল হোসেন) তলব করা হয়েছে। আর আমাদের দুর্নীতি দমন কমিশন এমনই ঠুটো জগন্নাথ যে তারা পদ্মাসেতুর দুর্নীতি চোখেও দেখেননি, কানেও শুনেনি।”
“পদ্মাসেতুর দুর্নীতির পেছনে কেবল মন্ত্রীরা নয়, প্রধানমন্ত্রীর আত্বীয়স্বজনরা জড়িত রয়েছে”, যোগ করেন তিনি।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে দুইটি পদ্মাসেতুর নির্মাণ হবে।
সাতক্ষীরা জেলা সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।
খালেদা বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে দ্রুত পদত্যাগ করুন। নইলে কর্মসূচির মাধ্যমে আপনাদের পতন ঘটানো হবে।”
কলারোয়ার স্মরণ সভা শেষ করে দুপুর ২টায় খালেদা জিয়া সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌঁছান।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষ করে খালেদা জিয়া বিকালে সাতক্ষীরা উচ্চ বালক বিদ্যালয় মাঠে শোক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সকাল সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজ থেকে খালেদা জিয়া সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। সড়ক পথে ঝিকরগাছা, নাভারণ, শার্শার বাঘ আঁচড় প্রভৃতি স্থানে হাজার নেতা-কর্মী দুই পাশে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতাকে অভিনন্দন জানায়।
তাদের অনেককে যুদ্ধাপরাধের জন্য দন্ডপ্রাপ্ত জামায়াত নেতাদেলাওয়ার হোসাইন সাঈদী ও কাদের মোল্লার মুক্তি দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। যুদ্ধাপরাধের অভিযোগে বিচার চলা জামায়াত নেতাদেরও মুক্তি দাবি করে তারা।
