২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করুন, নইলে আরো হরতাল: খালেদা

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেছেন, শান্তি চাইলে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। আর হরতালে দেয়া হবে না।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, “হরতাল চলছে, আরো হরতাল হবে। দেশ আজ অচল হয়ে গেছে। সরকারকে বলব, এখনো সময় আছে, দেশে শান্তি চাইলে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। আর হরতালে হবে না। জনগণ আপনাদের চাইলে নির্বাচনে জিতে আবার সরকার গঠন করতে পারবেন।”

গত ২ মার্চ সহিংসতায় সাতক্ষীরা, কলারোয়া ও মনিরামপুরে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার সাতক্ষীরা যান বিরোধী দলীয় নেতা। সাতক্ষীরা উচ্চ বালক বিদ্যালয় ও কলারোয়া সদর উচ্চ বিদ্যালয় মাঠে তিনি তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দেন তিনি।

নবম সংসদ নির্বাচনের পর এই প্রথম সাতক্ষীরা গেলেন খালেদা জিয়া। তার আসা উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক-উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।

৩৫ মিনিটের বক্তব্যে সরকারের ব্যর্থতা, দুর্নীতি, নতজানু পররাষ্ট্র নীতি, রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান সংকট, আগামী নির্বাচন ও হেফাজত ইসলামের লংমার্চ নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা।

খালেদা জিয়া বলেন, “সারাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে সরকার। এখন তারা টার্গেট করেছে আমাকে। এতে আমি ভয় পাই না। আমি বলতে চাই, হুকুমের আসামি বর্তমান প্রধানমন্ত্রীকেই করা হবে।

“উনি একটা লাশের বদলে ১০টা লাশের কথা বলেছেন। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছেন। গান পাউডার দিয়ে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা তার নির্দেশে হত্যা হয়েছে। এইসব হত্যাকাণ্ডের জন্য এই প্রধানমন্ত্রীকে হুকুমের আসামি করা হবে।”

পুঁজিবাজার, হলমার্ক, ডেসটিনি, কুইক রেন্টাল পাওয়া প্ল্যান্ট, পদ্মা সেতুসহ নানা দুর্নীতি ও অর্থ কারসাজির অভিযোগে বর্তমান সরকারকেই একদিন বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

তিনি অভিযোগ করেন, “লজ্জা-শরম বলতে কিছু নেই। নির্লজ্জভাবে নিজের স্বার্থে যা প্রয়োজন, তাই করে ফেলে। এই সরকার আবার বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতে ইসলামীকে তারা নিষিদ্ধ করে দেবে। বিএনপিকে সরকার নিশ্চিহ্ন করতে চায়।”

আওয়ামী লীগ দেশে একদলীয় নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯৬ সালে জামায়াতকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের আন্দোলনের কথা তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেন, “তাদের নিয়ে আওয়ামী লীগ যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে করেছে, তখন জামায়াত খুব ভালো ছিলো। এখন তারা (জামায়াত) যুদ্ধাপরাধী হয়ে গেছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের চেহারা। এরা দু’মুখো সাপের চেয়ে খারাপ।

জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান, জেলা সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, স্থানীয় নেতা জেলা সহসভাপতি শহীদুল আলম, সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন, তাসকিন আহমেদ চিশতি, মাসুম বিল্লাহ শাহিন, হাবিবুর রহমান হাবি, জামায়াত নেতা খালেক মন্ডল, মোহাদ্দেছ আবদুল খালেক, আলতাফ হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু, সৈয়দ আহমেদ রুমী, এম এ ওহাব, নুরী আরা সাফা, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সুলতান সালাহউদ্দিন টুক,মিলন মেহেদি প্রমুখ নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশস্থল থেকে সরাসরি বিরোধী দলীয় নেতা ঢাকার পথে রওনা হন।