২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের পথে খালেদা জিয়া

সাতক্ষীরা কলারোয়াতে সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য যশোরের পথে রওনা হচ্ছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 04:18 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

যশোরে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পৌঁছবেন তিনি।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল ৪টায় গুলশানের বাসা থেকে বিরোধী দলীয় নেতার গাড়িবহর যাত্রা শুরু করে।

"রাতে তিনি যশোর সার্কিট হাউজে থাকবেন। পরদিন সকালে তিনি সাতক্ষীরার কলারোয়ার উদ্দেশ্যে রওনা হবেন।”

মারুফ জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ ও বিজিবি সদস্যের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন খালেদা জিয়া। বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

প্রেস সচিব জানান, বৃহস্পতিবার রাতেই সাতক্ষীরা থেকে ঢাকা ফিরবেন বিরোধী দলীয় নেতা।

গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ে ক্ষুব্ধ জামায়াতকর্মীদের তাণ্ডবে প্রথম দিনই সাতক্ষীরায় নিহত হন চারজন।

৪ মার্চ কলারোয়া উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষে তিনজন নিহত হয়।

পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে সম্প্রতি বিরোধী দলীয় নেতা মানিকগঞ্জের শিংগাইর, বগুড়ার গাবতলী ও শাহজাহানপুর, জয়পুরহাটের পাঁচবিবি যান। ওইসব এলাকায় নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতাও দেন তিনি।