‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই’
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় বিরোধী দলের দাবি আবারো নাকচ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, নির্বাচিত হিসেবে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আর ওই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নাসিম বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, আগামী জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।”
বিরোধী দলের আন্দোলনের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা- এই দাবি করে তিনি মঙ্গলবার ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাখ্যানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
“আগামীকাল (মঙ্গলবার) দেশের সুনাগরিকরা হরতাল করবেন না। আপনারা সবাই গাড়ি চালাবেন। দোকান-পাট খোলা রাখবেন। আপনাদের নিরাপত্তা দেবে প্রশাসন।”
খালেদা জিয়াকে ‘খুনি ও রাজাকারদের নেত্রী’ আখ্যায়িত করে নাসিম বলেন, “জামাত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই শক্তির সঙ্গে মিলে হরতাল দিয়ে আপনি বাংলাদেশের স্বাধীনতার সাথে বেঈমানি করেছেন।”
জাতীয় প্রেসক্লাবে তাঁতী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসিম।
তাঁতী লীগের আহ্বায়ক এনাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধনা দাস গুপ্তা, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
