২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতের দংশনেই ধ্বংস হবে বিএনপি’

যুদ্ধাপরাধীদের বিচার বানচালে জামায়াতের সঙ্গে জোট বেঁধে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৪ দলের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, “জামায়াতকে সাথে নিয়ে খালেদা জিয়া সারাদেশে পুলিশ হত্যা, সংখ্যালঘুদের উপর আক্রমণ, মসজিদে জায়নামাজে অগ্নিসংযোগ, জাতীয় পতাকায় আগুন, শহীদ মিনার ভাংচুর করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার ষড়যন্ত্রে মেতেছেন।”

জামায়াত-শিবিরকে সাপের চেয়েও ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “ওদের দংশনেই বিএনপির মৃত্যু হবে।”

জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহানুভূতি জানাতেই তারা সুন্দরগঞ্জ এসেছেন বলে জানান সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর বিকালে জামায়াত-শিবিরকর্মীরা সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেল স্টেশনে হামলা চালায়।

এর পরই তারা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এছাড়াও বামনডাঙ্গায় আওয়ামী লীগ অফিস, রেল স্টেশন, সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ ভবন, উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসভবন, কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়।

এ সময় সহিংসতায় পুলিশসহ বেশ কয়েজন নিহত হয়।

নাসিম বলেন, “আওয়ামী লীগের ভুলত্রুটি থাকতেই পারে, সে বিচার জনগণ করবে। তবে যারা চলন্ত গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, সংখ্যালঘু নির্যাতনকারী জামায়াত-শিবিরের পক্ষে সাফাই গাইছে দেশের মানুষ তাদের স্বরূপ চিনতে পেরেছে।”