বালিয়াকান্দিতে দোলমঞ্চ ভাংচুর, গ্রেপ্তার ২
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের দোল উৎসবের মঞ্চ ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যার দিকে ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে এ ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, ওই এলাকার ইসহাক (২৫) ও সুমন (২২)।
দোল উৎসবের অন্যতম আয়োজক সমর দে ভৌমিক অভিযোগ করেন, বুধবার দোল উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা ধর্মীয় আচার পালিত হয়। বিকেলে উৎসব শেষে সবাই চলে গেলে সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত দোলমঞ্চে হামলা চালিয়ে সব কিছু ভাংচুর করে।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান জানান, হিন্দু সম্প্রদায় পরবর্তীতে যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।
এ ঘটনায় সমর দে ভৌমিক বাদী হয়ে ওই এলাকার শুকুর শেখের ছেলে হাসান ও আবু শেখের ছেলে মোবারক শেখসহ অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
বালিয়াকান্দি থানার ওসি কামরুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত থাকার অভিযোগে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
