২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেলে নাশকতার জন্য খালেদাকে ক্ষতিপূরণ দিতে হবে’

হরতালে নাশকতায় বাংলাদেশ রেলওয়ের প্রায় ১৪ কোটি টাকা ক্ষয়-ক্ষতির জন্য বিনোধী দলীয় নেত্রী খালেদা জিয়াসহ তার পক্ষ অবলম্বনকারীদের দায়ী করেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল চলাকালে ‘রেলওয়েতে সংঘটিত ধংসাত্মক ও নাশকতামূলক কাযক্রম’ সম্পর্কে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বাঁচাতে ১৮ দলের ডাকা হরতাল কর্মসূচি পালনের সময় বিএনপি-জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে ট্রেনের বগিতে আগুন দেয়া, রেললাইন উপড়ে ফেলা, রেলের স্লিপার তুলে ফেলাসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনায় চোরাগোপ্তা হামলা চালিয়ে প্রায় ১৩ কোটি ৭৬ লাখ টাকার ক্ষতি করেছে বলে দাবি করেন মুজিবুল হক।

তিনি বিরোধী দলীয় নেত্রীকে সতর্ক করে দিয়ে বলেন, “জনগণের এই সম্পদের ক্ষতির অর্থ হরতাল আহ্বানকারী খালেদা জিয়াসহ তার পক্ষ অবলম্বনকারীদেকে অবশ্যই পরিশোধ করতে হবে, এজন্য তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।”

রেলওয়ের ক্ষয়-ক্ষতির জন্য খালেদা জিয়াকে দায়ী করলেও তার বিরুদ্ধে কোনো মামলা করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ওই সব হামলার ঘটনায় এ পযন্ত ৪৩টি মামলা হয়েছে, প্রয়োজনে আরো মামলা করা হবে।

৪৩টি মামলায় ৭২ জনকে গ্রেপ্তার করা হয় উল্লেখ করে মুজিবুল হক বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও জামায়াত-শিবির কর্মী। বিভিন্নি সময়ে যাত্রীবেশে তারা এসব হামলা চালিয়েছে।

“গত ২৮ ফেব্রয়ারি থেকে ২৭ মার্চ পযন্ত রেলওয়ের বিভিন্ন স্থাপনায় সংঘটিত আক্রমণে বা হামলায় মোট ক্ষতির পরিমাপ ৮ কোটি ৭৬ লাখ দশ হাজার টাকা, একই সময়ে রাজস্ব আয়ে ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা,” বলেন মন্ত্রী।

রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জিআরপির (রেলওয়ে পুলিশ) ও আরএনবির বাহিনীর কোনো গাফলতি নেই বলেও দাবি করেন রেলমন্ত্রী। 

তবে তিনি স্বীকার করেন যে, জামায়াত-শিবির ও বিএনপির ‘সন্ত্রাসীদের’ ক্রমাগত চোরাগোপ্তা হামলা সবক্ষেত্রে প্রতিহত করা সম্ভব হচ্ছে না। স্বল্প জনবল নিয়েই রেলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

রেলসচিব মাহবুব উর রহমান, রেল মহাপরিচালক আবু তাহেরসহ উর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।