সিরাজগঞ্জে পিকআপ ও অটোরিকশায় আগুন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে সিরাজগঞ্জে পিকআপ ভ্যান ও একটি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা।
বুধবার গভীর রাতে সদর উপজেলার বহুলীতে দুটি পিকআপ ভ্যান এবং বৃহস্পতিবার সকালে উল্লাপাড়ার শ্রীকোলা মোড়ে একটি অটোরিকশায় আগুন দেয় হরতাল সমর্থকরা।
এদিকে বৃহস্পতিবার ভোরে পিকেটাররা শহরের মিরপুরে একটি অটোরিকশা ভাংচুর করেছে বলে জানান সদর থানার ওসি রফিকুল ইসলাম খান।
বহুলীতে পিকআপভ্যান পুড়িয়ে দেয়ার ঘটনায় সকালে ওই এলাকার বিএনপিকর্মী মালেক (৩৫), মোতালেব (৩০) ও রতন চন্দ্র দাস (৪০) এবং হরতালে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে কালিয়া হরিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়ামিন আলীকে আটক করা হয়েছে।
অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
এছাড়া বৃহস্পতিবার সকাল ১০টায় জামায়াত-শিবিরকর্মীরা কামারখন্দ উপজেলার নলকা ইউনিয়নের সেনগাতি গ্রামের ছাত্রলীগকর্মী ইব্রাহিম হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বলে জানান কামারখন্দ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম।
কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ৩৬ ঘণ্টার ডাকা এ হরতাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হচ্ছে।
