২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে নয়, মাঠে থাকুন: আশরাফ

‘চাওয়া-পাওয়ার’ হিসাব ভুলে দলীয় নেতা-কর্মীদের মাঠে থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “অনেকের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে। কিন্তু এজন্য ঘরে বসে থাকলে হবে না। সামনে সময় অনেক কষ্টের।”

“স্বাধীনতাবিরোধীদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লণ্ডভণ্ড করার সুযোগ দেয়া যাবে না।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বিকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব বলেন।

আশরাফ বলেন, “খালেদা জিয়ার যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন- তাতে আমাদের জিততে হবে। বেগম জিয়া স্বাধীনতা দিবসে বিশৃঙ্খলা দেখাবেন। বাংলাদেশের অস্তিত্বকে হুমকির  মুখে নেবেন- তা মেনে নেয়া যায় না।”

প্রতিটি গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলায় ও জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক।

Image
No plans to ban Jamaat: Ashraf

No plans to ban Jamaat: Ashraf

আশরাফ বলেন, “আসুন আমরা দাঁড়াই। আওয়ামী লীগ যদি দাঁড়ায় পৃথিবীর কোনো শক্তি নেই যে, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র ধ্বংস করতে পারে।”

বাংলাদেশের বর্তমান সময়কে ‘আনইউজাল টাইম’ উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা আবার হুমকির মুখে। দেশের গণতন্ত্র ব্যাহত করতে খালেদা জিয়া সামরিক বাহিনীকে উস্কে দিলেন এবং সংবিধান  ও রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।”

আশরাফ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু বুদ্ধিমান। তার নেত্রী (খালেদা জিয়া) বক্তব্য দিলেন। আর ওনি বলছেন, আসলে তার বক্তব্যে তিনি এটা বলেননি, ওটা বলেননি। বললেও মিন করেননি। দুই বারের প্রধানমন্ত্রী যে কথা বলেন আমরা মনে করি তিনি মিন করে বলেন এবং দায়িত্ব নিয়েই বলেন।”

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমরা বিরোধী নেত্রীর বক্তব্য সিরিয়াসলি নিয়েছি। যে কথা আপনি বলেছেন কত গুরুতর; আপনার তো চিন্তা করার দরকার ছিল। আমরা মনে করি বিএনপি প্রধান দায়িত্ব নিয়েই কথা বলেন। বার বার খালেদা জিয়ার বক্তব্য আড়াল করার চেষ্টা চলছে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী ও সাহারা খাতুন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল মান্নান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুল মতিন খসরু, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং এনামুল হক শামীম।