২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ: আদালতের রুল নিয়ে প্রশ্ন বিএনপির

দুই নেত্রীর সংলাপের বিষয়ে আদালতের আদেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

তাদের বক্তব্য- আদালত নয়, সংলাপের উদ্যোগ নিতে হবে সরকারকেই।

হাই কোর্টের আদেশের পর বুধবার এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সংলাপের কথাই বলুন কিংবা আলোচনার কথা বলুন, এর সব কিছুর উদ্যোগ সরকারকেই নিতে হবে।

“হাই কোর্টের রুল আমাদের জন্য কতটুকু প্রযোজ্য, তা ভেবে দেখতে হবে। এ বিষয়গুলো হাই কোর্টের এখতিয়ারভুক্ত কি না, তা আমাদের বুঝতে হবে।”

চলমান রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপের আলোচনার মধ্যে এক ব্যক্তির করা রিট আবেদনে হাই কোর্ট বুধবার দুই প্রধান রাজনৈতিক নেত্রীর প্রতি রুল জারি করে।

অবাধ ও স্বচ্ছভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপার্সন এবং তাদের নেতৃত্বাধীন জোটের মধ্যে সংসদের ভিতরে-বাইরে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে এই রুলে।

সরকারি দলের পক্ষ থেকে আগে থেকে কোনো শর্ত না দিয়ে সংলাপে বসতে বিএনপিকে আহ্বান জানানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের প্রস্তাব মেনে নেয়ার পাশাপাশি সংলাপের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণ চাওয়া হয়েছে।

তবে এর মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক জনসভায় সংলাপের সম্ভাবনা নাকচ করে আন্দোলনের ঘোষণা দেন। 

ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, “সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর আমাদের নেত্রী সরকারকে বারবার বলেছেন, এই ভয়াবহ পথ থেকে সরে আসুন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। তিনি বার বার সংলাপের কথা বলেছেন। কিন্তু সরকার সেই দিকে কোনো কর্ণপাতই করেনি।”

Image
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৮ দলের দুদিনের হরতালের প্রথম দিন শেষে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মুখপাত্র।

গত ১১ মার্চ বিএনপি কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে ৩৬ ঘণ্টার এই হরতাল ডাকা হয়।

সরকারের দমন-পীড়নের পরও হরতালে জনগণ সাড়া দিয়েছে দাবি করেন ফখরুল।

তিনি জানান, হরতালে রাজধানীসহ সারাদেশে প্রায় ৪০০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় আহত হয়েছে ৬ শতাধিক।

ফখরুল বলেন, “আমাদের ঘোষিত দাবি পূরণে সরকার ব্যর্থ হলে কিংবা গড়িমসি করলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আর তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।”

সরকারের ‘একগুয়েমি’ দেশকে সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে দাবি করে তা থেকে উত্তরণে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে বিরোধীদলীয় কর্মীদের ‘দেখামাত্র গুলির নির্দেশ’র সিদ্ধান্ত হয়েছে অভিযোগ করে তার সমালোচনা করেন বিএনপি নেতা।

তিনি বলেন, “তার প্রতিফলন ঘটেছে আজকের হরতালে সিলেটে। সেখানে আমাদের নেতা-কর্মীদের ওপর পুলিশ গুলি করেছে। অনেকে আহত হয়েছে।”

হরতালের প্রথম দিনে সিলেট, জামালপুর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, বাগেরহাট, শেরপুর, নারারয়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, গাজীপুর, টাঙ্গাইল, নওগাঁ, ফেনী, ঝিনাইদহ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, চাঁদপুর, জামালপুর, কক্সবাজার, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, নেত্রকোনা, বরগুনা, মুন্সিগঞ্জ, দিনাজপুর, ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় হামলা ও গ্রেপ্তারের একটি চিত্র তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে

১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার সময়ে কর্মসূচি থাকবে কি না জানতে চাইলে ফখরুল বলেন, “অতীতে এই বিষয়গুলোকে বিবেচনায় রেখেই কর্মসূচি দিয়েছি। এসএসসি পরীক্ষার সময়ে শাহবাগের আন্দোলন করে তারাও পরীক্ষার সময়সূচি বার বার পরিবর্তন করেছে।”

“ছেলে-মেয়ে ও ভবিষ্যৎ প্রজন্মের লেখাপড়া ও পরীক্ষার বিষয়টি আমরা সব সময় লক্ষ্য রেখেছি। কিন্তু যেখানে জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ে, তখন সেই দিকটাও আমাদের কাছে অনেক বড় ব্যাপার, সেদিকেও লক্ষ্য রাখতে হবে,” বলেন বিএনপির মুখপাত্র।

বিরোধীদলীয় নেতাকে ‘সন্ত্রাসীদের নেতা’ আখ্যায়িত করে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ফখরুল বলেন, “অর্থমন্ত্রীর কমেন্টে আমার বেশি কী বলতে হবে? আপনারা জানেন, পদ্মা সেতু, পুঁজিবাজার, ডেসনিটি ও হল-মার্ক সম্পর্কে অর্থমন্ত্রীর কী কমেন্ট করেছেন।

“তাই তার মন্তব্যের বিষয়ে কোনো কমেন্ট করাকে আমি ঠিক সমীচীন মনে করি না।”

সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।