‘একাত্তরের চেতনায় এই সরকার হটাতে হবে’
দেশে গণতন্ত্র নেই দাবি করে তা ‘পুনরুদ্ধারে’ ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’র প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ছাড়াও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
খন্দকার মোশাররফ বলেন, “দেশের গণতন্ত্র ও স্বাধীনতা আজ হুমকির দ্বারপ্রান্তে। স্বাধীনতার এই মাসেও সরকার পাখির মতো গুলি করে নির্বিচারে গণহত্যা চালিয়েছে।
“তাই আজ মহান স্বাধীনতা দিবসে আমাদের দৃঢ় শপথ নিতে হবে- জগদ্দল পাথরের মতো যে দলটি ক্ষমতায় বসে আছে, তাকে অপসারণে গণঐক্য গড়তে হবে।”
“একাত্তরের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ অংশ নেয়ার প্রস্তুতি নিতে হবে।”
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাও তুলে ধরেন তার গড়া দল বিএনপির নীতি-নির্ধারণী সবোচ্চ ফোরামের সদস্য মোশাররফ।
“শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করতে পারেনি। মেজর জিয়ার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রথম বিদ্রোহ করে এবং এর পরদিন তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।”
“কেবল তাই নয়, শেখ মুজিবের একদলীয় বাকশাল বিলুপ্ত করে জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে আওয়ামী লীগের ব্যর্থতা, সেখানে জিয়ার সফলতা। এজন্য আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ভয় পায় বলে তার বিরুদ্ধে সর্বদা কটাক্ষ করে।”
যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক মানসম্পন্ন স্বচ্ছ বিচার আমরা চাই। বিচারের নামে প্রহসন আমরা চাই না।”
“ক্ষমতায় টিকে থাকতে শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচার করা হলে তাতে ন্যায়বিচার নিশ্চিত হয় না। ওই বিচার প্রশ্নবিদ্ধ হবে।”
সভায় বক্তব্য রাখেন মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, শাহ মোয়াজ্জেম হোসেন, সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, শাহজাহান ওমর বীরবিক্রম, সালাহউদ্দিন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, অধ্যাপক আবদুল মান্নান, আবদুল মান্নান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিন, ইসমাইল হোসেন বেঙ্গল, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, মুক্তিযোদ্ধা গণপরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান সভায় উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন বিএনপির দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
