২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রেপ্তার বাণিজ্য, অভিযোগ বিএনপির

গ্রেপ্তারের ভয় দেখিয়ে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ কামাই করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শনিবার ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

তবে পুলিশ ও আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মসিউর রহমান বলেন, মামলায় জড়িয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ বাণিজ্য করছে। 

এর প্রতিবাদে রোববার বিএনপি ঝিনাইদহ জেলা সদর ও উপজেলাসমূহে বিক্ষোভ সমাবেশ করবে, বলেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সম্পাদক আবুল মালেকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মসিউর রহমান বলেন, চলমান সররকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত ঝিনাইদহে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ১৭টি মামলা করেছে।

এসব মামলায় নাম উল্লেখ করা ছাড়াও ২২ হাজার অজ্ঞাত পরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার আতংকে মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচেছ বলে অভিযোগ করেন মসিউর।

এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। পুলিশ সাধারণ মানুষকে গ্রেপ্তার কিংবা হয়রানি করছে না। জামায়াত-শিবিরের যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, এসব অভিযোগ একেবারে মিথ্যা ও ভিত্তিহীন।