২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবি

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বীর ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার অভিযোগে রিফাত ছাড়া কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিব) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

তিনি ২৪ ঘণ্টার মধ্যে রফিউর রাব্বীর দেয়া অপর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান প্রশাসনের প্রতি।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এ দাবি জানান।

ত্বকী হত্যাকারী ও সারাদেশে সংখ্যালঘু নির্যাতনকারীদের গ্রেপ্তার, মুক্তিযুদ্ধের মূল চেতনা বাস্তবায়ন এবং জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

সেলিম বলেন, “আপনারা ব্যর্থ হলে কঠোর আন্দোলন করা হবে। নারায়ণগঞ্জবাসী কোনো মাফিয়া চক্র ও গডফাদারদের মেনে নেবে না।”

সেলিম তার বক্তব্যে আগামী ২৬ মার্চের মধ্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করারও দাবি জানান সরকারের প্রতি।

জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা মাহবুবুর রহমান ইসমাইল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রমুখ।

সমাবেশ শেষে সিপিবি-বাসদের পক্ষ থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সন্ধ্যায় শহীদ মিনারে মোম শিখা প্রজ্জালন করা হয়।

ত্বকী গত ৬ মার্চ শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৮ র্মাচ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খালে তার লাশ পাওয়া যায়।

ত্বকীর বাবা রফিউর রাব্বি এ ঘটনায় যে মামলা দায়ের করেন তার এজাহারে আসামি হিসেবে কারো নাম না থাকলেও গত ১৮ মার্চ পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। এতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগসহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সালেহ রহমান সীমান্ত ছাড়াও রিফাতের নাম সন্দেহভাজন হিসাবে উল্লেখ করা হয়। 

এদের মধ্যে শুধু রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী এবং তার ঘনিষ্টজন হিসেবে পরিচিত রফিউর রাব্বি গত ১৫ মার্চ চাষাঢ়ায় শহীদ মিনারে এক সমাবেশ ত্বকী হত্যাকাণ্ডের জন্য সরাসরি শামীম ওসমানকে দায়ী করেন।

গত মেয়র নির্বাচনের পরাজিত প্রার্থী শামীম ওসমান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।