স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে খালেদার বৈঠক
স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং ইউনিয়ন পরিষদ ফোরামের নেতারা।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই দুটি সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্থানীয় সরকার সম্মেলন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু রাষ্ট্রপতির মৃত্যুর কারণে ওই অনুষ্ঠানটি বাতিল হয়।
এজন্য আয়োজকরা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এসে বিরোধীদলীয় নেতার সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় অনুষ্ঠানে বগুড়া, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, নাটোর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, সোনাগাজী, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজশাহীর তানোর, কুমিল্লার লাকসাম, ব্রাহ্মণবাড়ীয়ার কসবা, ঢাকার সাভার, কিশোরগঞ্জের ভৈরব, বাগেরহাটের মংলা, পাবনার আটঘরিয়া, দিনাজপুরের বিরামপুর, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, ফেনীর সোনাগাজী প্রভৃতি উপজেলার মেয়রসহ অর্ধশতাধিত স্থানীয় সরকার প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে যোগ দিতে আসা নেপাল, ভারত, সুইজারল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা, চীন, ভুটানসহ বিভিন্ন দেশের স্থানীয় সরকার প্রতিনিধিরাও এই মতবিনিময় অনুষ্ঠানে ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সভায় ছিলেন।
স্থানীয় সরকার প্রতিনিধিরা সম্মেলনের পক্ষ থেকে বিরোধী নেতাকে একটি ক্রেস্ট দেন।
