২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বুধবারের মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক নেতাদের মুক্তি দাবি করেছে বিএনপি। নইলে আবার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে থেকে উঠে এসে দলের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “জাতীয় স্থায়ী কমিটি আটক নেতা-কর্মীদের বুধবারের মধ্যে মুক্তি দাবি করেছে। নইলে অতি দ্রুত আমরা কর্মসূচি ঘোষণা করব।”

কর্মসূচি কী ধরনের হবে, সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি ভারপ্রাপ্ত মহাসচিব।

তবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার যে সফর কর্মসূচি জানানো হয়েছে, তাতে ইঙ্গিত পাওয়া যায়, ২৬ মার্চের মধ্যে হরতালের মতো নতুন কোনো কর্মসূচি থাকছে না।

তবে এর মধ্যে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরীর বাইরে  পাঁচটি উপজেলায় বিএনপির হরতাল রয়েছে।

সরকার পতন আন্দোলনের ঘোষণা দেয়ার পর দুদিনের হরতাল শেষে দলের নীতি-নির্ধারকদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।

স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল গত ১১ মার্চে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের পর। ওই বৈঠকে ১৮ ও ১৯ মার্চ হরতালের সিদ্ধান্ত হয়।

এর মধ্যে গত শনিবার মানিকগঞ্জে জনসভায় বিরোধীদলীয় নেতা সরকারের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে বলেন, এই সরকারকে বিদায় করতে হবে।

মির্জা ফখরুল ২৬ মার্চ পর্যন্ত বিরোধীদলীয় নেতার সফরের কর্মসূচি সাংবাদিকদের জানান।

আগামী ২২ মার্চ বগুড়া যাবেন খালেদা জিয়া, পরদিন তিনি যাবেন জয়পুরহাট। জয়পুরহাট থেকে ফেরার পথে বগুড়ার শাহজাহানপুর যাবেন তিনি।

ভারপ্রাপ্ত মহাসচিব জানান, ২৬ মার্চ বিরোধীদলীয় নেতা ভোরে সাভার স্মৃতিসৌধে এবং এরপর সকাল ৮টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়া ২৫ মার্চ বিএনপির উদ্যোগে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা হবে বলে জানান তিনি।

ফখরুল জানান, স্থায়ী কমিটির বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থীদের অভিনন্দন জানানো হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সভাপতি ও সম্পাদকপদসহ ১৪টির মধ্যে ১৩টিতে এবং ঢাকা আইনজীবী সমিতিতে সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা।

খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মুহম্মদ জমিরউদ্দিন সরকার, মঈন খান, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

অসুস্থতার কারণে দীর্ঘ একবছর অনুপস্থিত শামসুল ইসলাম মঙ্গলবারের এই বৈঠকে ছিলেন।