আরো ‘কঠোর’ আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন আরো ‘কঠোর’ করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
দুই দিনের হরতাল কর্মসূচি শেষে মঙ্গলবার এক সংবাদ ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে সৃষ্ট সংকটের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী।
“নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলনের পরবর্তি কর্মসূচি ঠিক হবে।’’
পরবর্তি কর্মসূচি চূড়ান্ত করতে রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
সোম ও মঙ্গবার দেশব্যাপী ‘সর্বাত্মক হরতাল’ পালিত হয়েছে দাবি করে এর জন্য দেশবাসী ও নেতা-কর্মীদের খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানান ফখরুল।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ষে এই সংবাদ ব্রিফিং হয়।
গত ১১ মার্চ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান, ভাংচুর ও দেড়শতাধিক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সোমবার ও মঙ্গলবার টানা ৩৬ ঘন্টার হরতাল ডাকে ১৮ দলীয় জোট।
সংবাদ ব্রিফিঙে বিএনপির এই মুখপাত্র দাবি করেন, গত দুইদিনের হরতালে পুলিশ ১ হাজারেরও বেশি নেতা-কর্মী গ্রেপ্তার করেছে এবং ৪ হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের হয়েছে। হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে ৪ শতাধিক গ্রেপ্তার হয়েছে। আহতের সংখ্যা তিনশ।
তিনি অভিযোগ করেন, ‘শান্তিপূর্ণ’ হরতালে সরকার সারাদেশে পুলিশ-র্যাব ও তাদের ‘পেটুয়া বাহিনী’ দিয়ে বিরোধী দলের ওপর তান্ডব চালিয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি, ভাংচুর ও গ্রেপ্তার অভিযান চালিয়েছে।
“দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ঢাকার রায়ের বাজারের বাসা এবং কেরানীগঞ্জের বাড়িতে পুলিশ-র্যাব তল্লাশি অভিযানের নামে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গার গ্রামের বাড়ি ও কৃষক দলের দপ্তর সম্পাদক এস কে সাদীর মার্কেট ভাংচুর করা হয়েছে।
“ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মুন্সি বজলুল বাসিত আনজুর বাসায়ও পুলিশ তল্লাশির নামে আসবাপত্র ভাংচুর করেছে। আমরা এসব ঘটনার নিন্দা জানাই।’’
কিন্তু হরতাল সমর্থকরা যানবাহনে আগুন দিয়েছে কেন- এ প্রশ্ন করা হলে মির্জা ফখরুল দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করেছে।
“সরকারের ‘এজেন্টরাই’ বিভিন্ন যানবাহনে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। উদ্দেশ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া।’’
দুই দিনের হরতাল সফল দাবি করে ভারপ্রাপ্ত মহাসচিব জানান, সারাদেশে বিএনপিসহ শরিক দলের নেতা-কর্মীরা রাস্তায় অবস্থান করেছে।
এর অাগে এদিন এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘প্রকৃত’ যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশের জন্য খালেদার প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আরো বলেন, “খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে তিনি প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করবেন। আমরা তো চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করছি। তাহলে ক্ষমতায় গিয়ে তিনি কাদের বিচার করবেন?”
এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘‘ইনু সাহেবকেই আমি রাজাকারের তালিকা প্রণয়ন করতে বলব। কারণ উনি এক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিলেন। এই তালিকা তিনিই ভালো দিতে পারবেন।’’
সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, ১৮ দলীয় জোটের শরিক পিপলস পার্টির মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মহীউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
