২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল চলাকালে বোমা বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে শেরপুরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেরপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুইদিনের হরতাল শুরুর আগে রোববার রাত এবং হরতালের প্রথম দিন সোমবার সকালে শহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

মঙ্গলবার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে এবং এসআই ফজলে এলাহী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেছেন।

দুই মামলায় ৯০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয়েছে। হরতাল চলাকালে আটক ২৪ নেতাকর্মীকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান এসপি।

তিনি জানান, হরতালের দ্বিতীয় দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শহর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও শহরে রিকশা-ভ্যান-ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটও খুলেছে। অফিস-আদালত-ব্যাংক-বীমায় স্বাভাবিক কাজকর্ম চলছে।