২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরপাল্লার বাস নামেনি, ট্রেন-লঞ্চ চলছে

১৮ দলীয় জোটের দুই দিনের হরতালের প্রথম দিনে রাজধানীর সড়কে অল্প কিছু যান নামলেও টার্মিনাল ছেড়ে বের হয়নি দূরপাল্লার বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 04:43 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

হরতালে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জোটের দু্ই দিনের হরতাল শেষে বুধবার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাবে বলে বাস কাউন্টারের লোকজন জানিয়েছেন।

অন্যান্য হরতালের দিনের মতো সোমবারও সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও গণ পরিবহনও চলছে বিভিন্ন রুটে।

গাবতলি, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে সকাল থেকে সিটি পরিবহনের কিছু গাড়ি রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে। বিআরটিসির বাসও চলতে দেখা গেছে।

সোমবার সকালে গাবতলি বাস টার্মিনালের আরপি ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল থেকেই দুরপাল্লার গাড়ি চলাচল শুরু করবে।

মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বেশিরভাগ কাউন্টারই বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করছে না।

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

কমলাপুর স্টেশন থেকে যথারীতি ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান।

লঞ্চ চলাচল মোটামুটি স্বাভাবিক আছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর এবিএস মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট থেকে ৫টি লঞ্চ ছেড়ে গেছে, এসেছে ৪১টি। তবে হরতালের কারণে যাত্রীসংখ্যা কিছুটা কম থাকায় দুটি লঞ্চ ছেড়ে যায়নি।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য।

সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলোতে তল্লাশি করছে পুলিশ।

গাবতলি, মাজার রোড, টেকনিক্যাল, দারুসসালাম, শ্যামলী, মহাখালী বাস টার্মিনালসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি তল্লাশি চোখে পড়েছে।

অটোরিকশা, মোটরসাইকেল, মিনিবাসসহ ছোট যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।