২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপের প্রস্তাব খালেদা দিক’

নির্বাচনের বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে প্রস্তাব চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 10:13 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

সংলাপের আলোচনা ওঠার পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ চাওয়ার প্রেক্ষাপটে পাল্টা প্রস্তাব দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

সরকার নির্বাচন নিয়ে সংলাপের জন্য প্রস্তুত জানিয়ে মুহিত শনিবার বলেন, “প্রথমে খালেদা জিয়ার কাছ থেকে প্রস্তাব আসতে হবে। কারণ, আমরা প্রস্তাব দিলে বিএনপি তা প্রত্যাখ্যান করবে।”

সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ছাত্র গণসমাবেশে একথা বলেন তিনি।

রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপের জন্য সরকারের আনুষ্ঠানিক চিঠি দিতে শনিবারই সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “সংলাপ তো বায়বীয় প্রস্তাবে হতে পারে না। সরকার প্রধানকে সংলাপের আনুষ্ঠানিক বা লিখিতভাবে প্রস্তাব জানাতে হবে। এরপর দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানে গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে সংলাপ।

আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের কথা বলে আগে কোনো শর্ত না দিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকার মেনে নিলেই কেবল তারা সংলাপে বসবেন।

অর্থমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা ছিল যুদ্ধাপরাধীদের বিচার। যে যাই করুক এই বিচারের রায় কার্যকর করে সরকার ওয়াদা বাস্তবায়ন করবে।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে আন্দোলনরত তরুণ প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ বানচাল করার যে অপচেষ্টা ছিল, বর্তমান তরুণ প্রজন্ম তা প্রতিরোধ করছে।

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মনিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও পুলিশ সুপার নুরে আলম মিনা।