সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব চান ফখরুল
রাজনৈতিক সঙ্কট অবসানে সংলাপের জন্য সরকারের আনুষ্ঠানিক চিঠি চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে সংলাপের পরিবেশ তৈরির জন্য বিরোধী দলের ওপর ‘দমন-পীড়ন’ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানে গত কয়েকদিন ধরে সংলাপ আলোচনায় রয়েছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের কথা বলে আগে কোনো শর্ত না দিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকার মেনে নিলেই কেবল তারা সংলাপে বসবেন।
শনিবার দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ফখরুল বলেন, “সংলাপ তো বায়বীয় প্রস্তাবে হতে পারে না। সরকার প্রধানকে সংলাপের আনুষ্ঠানিক বা লিখিতভাবে প্রস্তাব জানাতে হবে। এরপর দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
তার সন্দেহ, সরকার সংলাপ চায় না।
“একদিকে সরকারের মন্ত্রীরা সংলাপের কথা বলছেন। অন্যদিকে তারা (সরকার) বিরোধী দলের ওপর বিরামহীনভাবে দমন-পীড়ন চালাচ্ছেন। সরকার সঙ্কট সমাধানে সংলাপ চায় না।”
এই প্রসঙ্গে নিজেদের দাবি তুলে ধরে তিনি বলেন, “নির্দলীয় সরকারের অধীনে আমরা আগামী নির্বাচন চাই। এই দাবিতে সব বিরোধী দল আজ ঐক্যবদ্ধ।”
কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে আগামী ১৮ ও ১৯ মার্চের হরতাল সফল করতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “তিনি বলেছেন, বিরোধী দলকে শক্তহাতে দমন করবেন। আমি বিনয়ের সঙ্গে ড. মহীউদ্দিন খান আলমগীরকে বলব, এটা গণতন্ত্রের ভাষা নয়। এটা স্বৈরাচারের ভাষা।”
“আন্দোলনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে এই সরকারের পতন ঘটানো হবে,” বলেন তিনি।
