বিএনপি কার্যালয়ে মেরামত শুরু
পুলিশি অভিযানে ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কক্ষগুলো মেরামত করা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে কাঠমিস্ত্রিরা মহাসচিব ও কনফারেন্স কক্ষের ভেঙে যাওয়া দরজা মেরামত শুরু করে।
এছাড়া পাঁচতলা ভবনে দপ্তর কার্যালয়ের কম্পিউটারগুলো নতুনভাবে স্থাপন এবং কনফারেন্স কক্ষের নষ্ট হয়ে যাওয়া মাইকিং সিস্টেম পুনঃস্থাপনের কাজও শুরু হয়েছে।
দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজ পুরোদমে চলছে। আশা করা যায়, আগামী রোববারের মধ্যে তা শেষ হয়ে যাবে।”
গুলশান কার্যালয়ের কম্পিউটার প্রকৌশলী জসিম উদ্দিন নষ্ট হয়ে যাওয়া কম্পিউটার দুটির মেরামতকাজ তদারিক করছেন বলে জানান তিনি।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এই ভবনে বিভিন্ন সহযোগী সংগঠনের অফিসের ক্ষতিগ্রস্ত কক্ষগুলোর মেরামত কাজও এসময়ের মধ্যে করা হবে বলে জানান সহ-দপ্তর সম্পাদক।
গত ১১ মার্চ নয়া পল্টনের কার্যালয়ে আড়াই ঘণ্টার পুলিশি অভিযানের সময়ে তৃতীয় তলায় মহাসচিবের কক্ষে দরজা ভেঙে কার্যালয়ে ব্যাপক তছনছ করা হয় বলে বিএনপির অভিযোগ।
এসময় সেখান থেকে শীর্ষ পর্যায়ের নেতারা ছাড়াও দেড় শতাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার পর বুধবার দলের চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এই কার্যালয় পরিদর্শন করেন।
১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর এই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে এধরনের পুলিশি অভিযান হয়।
