সংলাপ চাইলে জামায়াতকে ছেড়ে আসুন: হানিফ
রাজনৈতিক সঙ্কটের অবসানে সংলাপে বসতে হলে জামায়াতে ইসলামীর সঙ্গ ছেড়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ।
সংলাপে আওয়ামী লীগের আপত্তি নেই জানিয়ে তিনি বুধবার বলেছেন, “কিন্তু সংলাপ করব কাদের সঙ্গে? যারা দেশের স্বাধীনতা চায়নি, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়। জাতীয় পতাকা পদদলিত করে।
“সংলাপ চাইলে যুদ্ধাপরাধী, জামাত-শিবিরের সঙ্গ ত্যাগ করুন। জামায়াত-শিবিরকে ছাড়লে সংলাপের দ্বার খোলা।”
বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত একটি সভায় বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আগামী ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে এই সভা হয়।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে শর্ত ছাড়া সংলাপের প্রস্তাব এলে সরকার তা বিবেচনা করবে।
আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে সংলাপের কথা বলে আসছেন কূটনীতিক ও ব্যবসায়ীরা।
সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপে তার দলের অনাপত্তির কথা জানান।
এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতির দাবি সরকার মেনে নিলে তবেই সংলাপ হতে পারে।
তবে সংলাপে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উচ্চ আদালতের রায়ে সংবিধান থেকে বাতিল হয়ে গেছে। এটা এখন একটা মীমাংসিত বিষয়। এ দাবি এখন অসাংবিধানিক।
“তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেহেতু আর নির্বাচন করার কোনো সুযোগ নেই, তাই নির্বাচন নিয়ে আপনাদের বিকল্প কোনো প্রস্তাব থাকলে দিতে পারেন।”
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, “এরপর হরতাল ডাকার ইচ্ছে হলে এমনিতেই ডাকবেন। দয়া করে পটকা ফোটানোর নাটক করে জনমনে অস্থিরতা তৈরি করবেন না।”
‘জনগণের চাপে সরকার ছেড়ে দিয়েছে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যর জবাবে হানিফ বলেন, “তাহলে বাকি যারা আটক আছে, তাদের ছেড়ে দিতে জনগণের দাবি নেই। তাদের মুক্তির দাবিতে আর কোনো কর্মসূচি দেবেন না।”
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, আব্দুস সোবাহান গোলাপ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, কুমিল্লা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
