নয়া পল্টনে ১৮ দলের সমাবেশ বিকেলে
সারা দেশে ‘গণহত্যা’, বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিকেলে নয়া পল্টনে সমাবেশ করবে ১৮ দলীয় জোট।
রাজধানী ছাড়াও সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপি নেতৃত্বাধীন এ জোটের।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাজধানীতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকাল তিনটায় মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখবেন।
গত বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের সমাবেশ সংঘর্ষের কারণে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকে বিএনপি।
পূর্বঘোষিত এই সমাবেশ শুরুর কিছু সময় পরই সংঘর্ষ শুরু হয়। পুলিশ এই সংঘর্ষের জন্য বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে দায়ী করে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, সরকার পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে তাদের সমাবেশ পণ্ড করেছে।
বিএনপি জানায়, পুলিশের হামলায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ ও আহত হয়।
