সিলেটে ৪ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার
সিলেট নগরীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোবববার সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন দক্ষিণ সুরমার কদমতলী স্টার লাইট কলেজের প্রভাষক ও বিয়ানীবাজারের ইনামপুর গ্রামের আনিছুর রহমানের তিন ছেলে মহিউদ্দিন (২৭), রফিউদ্দিন(২০) ও শাফিউদ্দিন (১৮) এবং কানাইঘাটের দিঘীরপার গ্রামের আনিছুর রহমানের ছেলে তারেক আহমদ (১৮)।
তাদের কাছ থেকে দেশি অস্ত্র ছাড়াও জামায়াত শিবিরের প্রকাশনা, জামায়াত নেতাদের মুক্তি দাবি সম্বলিত পোস্টার ও দলীয় বইপত্র জব্ধ করেছে পুলিশ।
তারা সুবিদবাজার বনকলাপাড়া এলাকার নুরানী ৩০ নম্বর বাসায় ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, কোতোয়ালি ও বিমানবন্দর থানা যৌথ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় ৯টি লম্বা কিরিচ ও ৪টি কাঠের রোলার উদ্ধার করা হয়েছে।
অভিযানে ছাত্রশিবিরের প্রকাশনা ছাত্রসংবাদ ও কিশোরকণ্ঠ, বিচারপতির স্কাইপি সংলাপের সংবাদ সম্বলিত ২শ’ কপি আমার দেশ এবং যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ছাপানো তিন বান্ডিল পোস্টার ও দলীয় বই পুস্তক জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
