পাল্টা কমিটি গঠনের উদ্যোগ বিএনপির
সন্ত্রাস দমনে সরকারের কমিটির পাল্টা হিসাবে বিএনপি ‘জননিরাপত্তা কমিটি’ গঠনের উদ্যোগ নিয়েছে।
এর আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়েক কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জামায়াতি তাণ্ডবের প্রেক্ষাপটে জেলায় জেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে এক জরুরি সংবাদ ব্রিফিঙে রিজভী বলেন, “সারাদেশে পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে যাচ্ছে। এই গণহত্যা থেকে নারীরাও আজ রেহাই পাচ্ছেন না।”
“এজন্য আগামী তিন দিনের মধ্যে ইউনিয়ন থেকে শুরু করে মহানগর ও জেলা পর্যায় পর্যন্ত ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করে কেন্দ্রে প্রেরণ করুন।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, যারা গণতন্ত্র রক্ষার সংগ্রাম করছে সেসব রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে নিয়ে এই কমিটি গঠন করতে হবে। এই কমিটি হবে, ‘সরকারের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ’।
তিনি জানান, কমিটিতে বিএনপিসহ ১৮ দলীয় জোট থাকবে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ ব্রিফিং হয়।
রিজভী আরো জানান, আগামী সোমবার ১১ মার্চ সরকারের ‘গণহত্যা’ ও বিরোধী দলের নেতা-কর্মীদের উপর ‘নির্যাতন-মামলা-হামলার’ প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ হবে। ১৮ দলীয় জোটের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ওই দিন রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশ হবে।
সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মুস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুল ইসলাম হাবিব, বেলাল মাহমুদ, জাসাস সভাপতি এম এ মালেক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনীর হোসেন, মহিলা দলের মহানগর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, মুক্তিযোদ্ধা গণপরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আজিজ উৎফাত উপস্থিত ছিলেন।
