২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হুমকিতে ‘উদ্বেগ’ নেই আ. লীগে

সরকার পতনের বিএনপির একদফা আন্দোলনের ঘোষণাকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, এ নিয়ে তারা উদ্বিগ্ন নন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

“বিএনপি এমন ঘোষণা কয়েকবার দিয়েছে। এটা এখন আমাদের কাছে হাস্যকর বিষয়। আমরা ভাবছি, কবে আবার একদফা আন্দোলন অর্ধদফায় পরিণত হয়,” বলেছেন তিনি।

শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকার পাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

বৈঠকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, ওই জেলার আওয়ামী নেতা এ কে এম শামীম ওসমান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহসহ মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার নেতারা অংশ নেন।

বৈঠকে আগামী ১৮ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনের সড়কে জনসভা করার সিদ্ধান্ত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য দেবেন।

বৈঠকে জানানো হয়, গত কয়েকদিনে জামায়াত-শিবিরের সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরের ওপর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা এমাসেই সফর করবেন।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে বগুড়া, মোহাম্মদ নাসিমের নেতৃত্বে জয়পুরহাট, ওবায়দুল কাদেরের নেতৃত্বে নোয়াখালী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের সাতকানিয়া এবং উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে কক্সবাজার সফর করবে প্রতিনিধি দল।

এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে রংপুর, শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে সাতক্ষীরা-খুলনা, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে রাজশাহী, আবুল মাল আবদুল মুহিত ও সুরঞ্জিত সেন গুপ্তের নেতৃত্বে সিলেটের ক্ষতিগ্রস্ত এলাকা সফর করবে প্রতিনিধি দল।

জামায়াত-শিবির মোকাবেলায় এলাকাভিত্তিক সফরের পাশাপাশি সারাদেশের মসজিদগুলোর ইমামদের সঙ্গে বৈঠক করারও সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

হানিফ বলেন, সফর শেষে আওয়ামী লীগের এসব প্রতিনিধি দলের দেওয়া প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। হানিফ বলেন, “ইসলামের সঙ্গে স্বাধীনতাবিরোধীদের কোনো সর্ম্পক নেই। তারা ধর্মকে ব্যবহার করে বারবার রাজনৈতিক ফায়দা নেওয়া চেষ্টা করেছে।”

বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী।

পুরনো খবর:

শক্তি দেখাবে আওয়ামী লীগ