নয়া পল্টনে বিকেলে বিএনপির সমাবেশ
নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের এবং সারাদেশে গত কয়েকদিনের সংঘটিত ‘গণহত্যার’ প্রতিবাদে বুধবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির।
রাজধানীতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হবে বিকাল তিনটায়।
এতে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মহানগর সদস্য সচিব আবদুস সালাম।
ঢিলেঢালাভাবে মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের পর সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এছাড়া গত কয়েকদিনে নিহতদের স্মরণে আগামী ৯ মার্চ কেন্দ্রীয়ভাবে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা হবে বলে তিনি জানান।
বিএনপির সঙ্গে মিল রেখে জামায়াতে ইসলামীও বুধবার বিক্ষোভের কর্মসূচি দিয়েছে।
যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ড পাওয়া সাঈদীর মুক্তি দাবিতে এই কর্মসূচি দেয়ার কথা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে জানিয়েছেন।
বুধবারের কর্মসূচিতে বাধা দিলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়ার হুমকিও দিয়েছেন তিনি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়ার পরপরই বিভিন্ন স্থানে তাণ্ডব শুরু করে জামায়াত-শিবিরকর্মীরা।
এই সময়ে আগুন দেয়া হয় ট্রেনে, পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশন, বিদ্যুৎ স্থাপনা। বিভিন্ন স্থানে সড়কে চলে নির্বিচারে ভাংচুর ও লুটপাট। হামলা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও, যাতে নিহত হন একজন।
সরকারি হিসাবে, গত কয়েকদিনে সংঘর্ষে নিহত হয় ৬৭ জন।
সংঘর্ষের নিহতের ঘটনাকে সরকারি বাহিনীর ‘হত্যাকাণ্ড’ দাবি করে হরতাল ডাকে বিএনপি, যাতে জামায়াত সমর্থন দেয়।
হরতাল সফল হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “রক্তচোষা সরকারের গণহত্যার কর্মকাণ্ডকে দেশ-বিদেশ আজ ধিক্কার জানাচ্ছে।”
এই হরতালে দুই শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার এবং পুলিশের হামলায় আড়াইশ আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
রিজভী আরো বলেন, হরতালকে সামনে রেখে নেতা-কর্মীদের বিরুদ্ধে সাড়ে ৪ হাজার মামলা করা হয়েছে।
সরকার ‘গণহত্যা’ থেকে দৃষ্টি সরাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করেছে বলে দাবি করেন তিনি।
গত শনিবার রাজধানীতে বিএনপির মিছিল থেকে ভাংচুরের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ জাতীয় নেতাদের আসামী করে রাজধানীতে ৫টি মামলা দায়ের করে পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ মার্চ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি পালন করবে বিএনপি।
৭ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ৮ মার্চ মুক্তিযুদ্ধের প্রজন্ম আলোচনা সভা করবে।
