ফেইসবুকে খালেদা জিয়াকে ‘হুমকির’ নিন্দা
কয়েকটি ব্লগ ও ফেইসবুকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সরাসরি হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে দলের রিজভী বলেন, “কতিপয় ব্লগে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে হুমকি দেয়া ও ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করা হচ্ছে। একটি পোস্টে বলা হয়েছে, আমরা মন চাইতাছে, খালেদারে মাইরা গণহত্যা শুরু করি।”
“এ ধরনের হত্যার হুমকি ক্রিমিনাল অফেন্স, মানবতাবিরোধী অপরাধ। আমরা ওইসব নষ্ট, নোংরা, বিভ্রান্তকারী ও বিপদগামী ব্লগারদের এহেন মন্তব্যের আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
শুক্রবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর বাংলাদেশে চলমান সহিংসতাকে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ’ উল্লেখ করে তাতে সমর্থন জানান। ‘হত্যাকাণ্ডের’ প্রতিবাদে জামায়াতে ইসলামীর দুইদিনের হরতালের পর মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন তিনি।
এরপর ব্লগ ও ফেইসবুকে খালেদার সমালোচনায় মুখর হন অনেকেই, যাদের অভিযোগ একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াতের পক্ষেই এ কর্মসূচি দিয়েছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন বিদেশি প্রভুদের সঙ্গে হাত মিলিয়ে এসে এখন যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
সরকারের প্রত্যক্ষ মদদে শাহবাগের আন্দোলন চলছে অভিযোগ করে নয়া পল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “শাহবাগের আন্দোলন হচ্ছে আওয়ামী লীগের একটি এক্সটেনশন। বাইরে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সরবারহ করা মিনারেল ওয়াটার ও খাবারের প্যাকেট লাঞ্চ দিয়ে এই আন্দোলনকে সচল রাখা হয়েছে। এটা দেশবাসীর কাছে আজ পরিস্কার হয়ে গেছে।”
শাহবাগ আন্দোলননের অন্যতম নেতা ইমরান এইচ সরকারের দলীয় পরিচয় তুলে ধরে তিনি বলেন, “এই ব্যাক্তিটি রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের নেতা ছিলেন। এখন তিনি আওয়ামী লীগের কর্মী। সরকারি দলের অঙ্গসংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের তিনি নেতা ছিলেন। তার চার পাশে কারা অবস্থান করছেন, তাদের সবার দলীয় পরিচয় আমাদের জানা আছে।”
গত ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবনের রায় ঘোষণার পর সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে বিক্ষোভ শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা, যা ছড়িয়ে পড়েছে সারাদেশে।
শাহবাগের গণজাগরণ মঞ্চে প্রতিদিনই হাজার হাজার মানুষ জড়ো হয়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও দাবিও জানাচ্ছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন ইমরান এইচ সরকার।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘‘রোম যখন জ্বলছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আমাদের প্রধানমন্ত্রীও এতো হত্যাকাণ্ড ও রক্তারক্তির মধ্যে সেইরকম বাঁশি বাজিয়ে যাচ্ছেন।”
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, তাইফুল ইসলাম টিপু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রিপন উপস্থিত ছিলেন।
