২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসলামিক ফাউন্ডেশনও রাজনীতিতে জড়িয়েছে’

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্তে ইসলামিক ফাউন্ডেশনের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 07:44 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

Image
সমমনা ইসলামী দলের নেতাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমমনা ইসলামী দলের নেতাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তার ভাষায়, এর মধ্য দিয়ে ফাউন্ডেশন কর্তৃপক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েছে।

বিএনপির মুখপাত্র ফখরুল শুক্রবার সকালে এক আলোচনা সভায় বলেন, “ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট বন্ধ করে দিয়েছে। আমি তদের বলতে চাই- মসজিদের গেইট কেন বন্ধ করেছেন। কারণ আপনারা নিজেরাই রাজনীতিতে জড়িয়ে পড়েছেন।”

বাংলাদেশকে একটি ‘উদার মুসলিম রাষ্ট্র’ অভিহিত করে ফখরুল বলেন, “এদেশে শতকরা ৯০ ভাগ মানুষের ধর্ম বিশ্বাসে কেউ আঘাত করলে তা বরদাশত করা হবে না।”

গত ২২ ফেব্রুয়ারি জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের ব্যানারে শাহবাগের জাগরণমঞ্চবিরোধী মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালানো হয়। এরপর আটটি ধর্মভিত্তিক দল ‘ইমান ও দেশরক্ষা আন্দোলন’ এর ব্যানারে ৮ মার্চ শুক্রবার আবারো বায়তুল মোকাররমের সামনে সমাবেশের ঘোষণা দিলে বৃহস্পতিবার ইসলামিফ ফাউন্ডেশন ওই সিদ্ধান্ত নেয়। 

ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়া হবে না।

জোটসঙ্গী জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়ার পর বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না এলেও রায়ের পর দেশজুড়ে জামায়াতের সহিংসতা ও সংঘর্ষে হতাহতের ঘটনায় সরকারকে দায়ী করেছেন মির্জা ফখরুল।  

জাতীয় প্রেসক্লাবে  মুক্তিযোদ্ধা গণপরিষদের আলোচনা সভায় তিনি বলেন, “গত কয়েকদিনে পাখির মতো গুলি করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। গোটা দেশের মানুষ আজ আতঙ্কে ও উৎকন্ঠার মধ্যে আছেন- কি জানি হচ্ছে।

“প্রধানমন্ত্রীকে বলব, এই ভয়াবহ খেলা খেলবেন না। মানুষকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না। গণতন্ত্রকে বিকশিত হতে দিন।”

দেশের ‘গণতন্ত্র রক্ষার চলমান আন্দোলনে’ মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহবান জানান ফখরুল।

বৃহস্পতিবারের ঘটনাকে ইসরায়েল-ফিলিস্তিনের সঙ্গে তুলনা করে তিনি বলেন,   “সরকার গোটা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ঠাকুরগাঁও একটি ছোট জেলা। তেভাগা আন্দোলনের সময় সেখানে উত্তেজনা হয়েছিল। সেখানেও পুলিশ ৬ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী পুরান ঢাকায় ছাত্রলীগের হামলায় বিশ্বজিত দাস হত্যাকাণ্ড নিয়ে ‘একটি কথাও না বললেও’ ধর্ম নিয়ে ‘কটাক্ষকারী’ ব্লগারের বাড়িতে ছুটে গেছেন।

আওয়ামী লীগ সব সময়ই ভিন্নমতের ওপর ‘দমন পীড়ন’ চালিয়ে এসেছে এবং বর্তমানেও ‘ভিন্ন কায়দায়’ দেশে একদলীয় শাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল।

মুক্তিযোদ্ধা গণপরিষদের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ‘আওয়ামী দুঃশাসনও বিপন্ন গণতন্ত্র’ শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণস্বাস্থের নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল ও গণপরিষদের মহাসচিব সাদেক আহমেদ খান বক্তব্য দেন।

পুরনো খবর:

বায়তুল মোকাররমের উত্তর ফটক বন্ধের ঘোষণা