‘সরকারের কারণেই সঠিক বিচার হচ্ছে না’
সরকারের নিয়োগ দেয়া ‘অযোগ্য’ প্রসিকিউটর ও ‘দুর্বল’ তদন্তের কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার ‘সঠিকভাবে’ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন এক বিএনপি নেতা।
এ জন্য সরকারকে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাইব্যুনাল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ দেয়ার পর তা প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রয়ারি থেকে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বিক্ষোভ চলছে সারা দেশে। এই আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকলেও বিএনপি তাতে অনুষ্ঠানিক সমর্থন দেয়নি।
জামায়াতে ইসলামীর প্রধান শরিক বিএনপি বলে আসছে, তারাও যুদ্ধাপরাধের বিচার চায়, তবে তা হতে হবে স্বচ্ছতার সঙ্গে। অন্যদিকে ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতের হরতালেও তারা সমর্থন দিয়েছে।
দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমারের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হয়।
রফিকুল ইসলাম মিয়া সরকারের সমালোচনা করে বলেন,‘‘ একদিকে হলমার্ক, ডেসটিনির জালিয়াতি আর পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা জড়িত থাকার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। ক্ষমতাসীন দলের হলে দুর্নীতি-অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে। অন্যদিকে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা লেখার জন্য আজ আমার দেশের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। সরকার আইনকে নিজের কাজে ব্যবহার করছে।”
নির্দলীয় সরকারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “কেবল সভা-সমাবেশ করে বক্তৃতা দিলেই হবে না। অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে এখন রাস্তায় নামতে হবে। বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। নইলে এই ভয়াবহ সঙ্কট দূর হবে না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নুর মোহাম্মদ খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, বর্তমান সহসভাপতি আমীরুল ইসলাম কাগজী, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) হাসান জাফির তুহিন, শিক্ষক নেতা জাকির হোসাইন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম বক্তব্য রাখেন।
এদিকে সাভারের সাবেক সাংসদ ডা. দেওয়ার মো. সালাহউদ্দিনসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক জোটের অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন,‘‘ “সরকার বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করছে। বিচার ক্ষমতাসীনদের পক্ষে গেলে ভাল। নইলে তারা এজলাশে লাথি মারে।”
দেশের বর্তমান অবস্থাকে ‘নৈরাজ্যকর’ আখ্যায়িত করে এ পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে সংসদে নির্দলীয় সরকারের বিল তোলার দাবি জানান তিনি।
তা না হলে বিএনপি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক জোটের সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, বিএনপির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ঢাকা জেলা মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমীন বক্তব্য দেন।
