২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত সরকার’

বর্তমান সরকার দেশকে অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্রে’ লিপ্ত বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা এক কঠিন সংকট অতিক্রম করছি। বর্তমান সরকার জাতিকে বিভক্ত করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা জনগণকে জিম্মি করে ফেলেছে।

“তারা [সরকার] সুপরিকল্পিতভাবে দেশকে সংঘাত ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।’’

এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবানও জানান তিনি।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে বিডিআর বিদ্রোহে নিহত ৫৭ সেনা কর্মকর্তা স্মরণে ‘ফিরে দেখা ২৫ ফেব্রুয়ারি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ওই বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। রক্তাক্ত বিডিআর বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম পরিবর্তন হয়েছে, পরিবর্তন এসেছে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

আলোচনার শুরুতে বিদ্রোহের ঘটনায় নিহত তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ নিহত সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর বিডিআর বিদ্রোহ এবং ওই ঘটনায় নিহতদের পরিবারের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। হৃদয়স্পর্শী এই তথ্যচিত্র দেখে অনুষ্ঠানে আসা অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।

তৎকালীন সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশ রাইফেলস(বিডিআর)এর ওই বিদ্রোহের ঘটনা তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল দাবি করেন, পিলখানার বিডিআর বিদ্রোহ একটি হত্যাকান্ডই ছিলো। এটি বর্তমান সরকারের ‘সুদূরপ্রসারী ষড়যন্ত্রের’ অংশবিশেষ।

“দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এই সরকার ক্ষমতায় আসার পর দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা দূর্বল করতে বিডিআরের ওপর প্রথম আঘাত করা হয়েছে।”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, একটি শৃঙ্খলা বাহিনীতে এতো কর্মকর্তা একসঙ্গে হত্যার ঘটনা অতীতে কখনো হয়নি। একাত্তরে মুক্তিযুদ্ধেও এতো সেনা কর্মকর্তা নিহত হয়নি।

মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রের স্তম্ভগুলো ‘ধবংস’ করে ফেলেছে।  সরকারের এই ‘ভয়ংকর নীল-নকশা’ রুখতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বরেও তিনি মনে করেন।

বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না দাবি করে এই বিএনপি নেতা প্রশ্ন তোলেন- কী কারণে সেদিন পিলখানায় সেনাবাহিনী পাঠানো হয়নি?  কী কারণে সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনের একটি বিরাট অংশ জনসমক্ষে প্রকাশ করা হয়নি?- এসব নিয়ে মানুষের মনে আজো নানা জিজ্ঞাসা রয়েছে।

বিডিআর বিদ্রোহের ঘটনায় সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে ‘অন্যায়ভাবে’ জড়ানো হয়েছে অভিযোগ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন ফখরুল।

আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, সহসভাপতি টিএইচ খান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, দলের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, সৈয়দ কামরুজ্জমান প্রমুখ ক্তব্য রাখেন।