২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত সব সময়ের দালাল: মতিয়া

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারকে নিয়ে অপপ্রচারের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী বলেছেন, এই দলটি সব সময়ই দালালি করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

একুশে ফেব্রুয়ার উপলক্ষে বুধবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে জামায়াতকে ‘ঐতিহাসিক দালাল’ আখ্যায়িত করেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত সম্পর্কে মতিয়া বলেন, “বৃটিশ সময়েও তারা ভারতবর্ষের বিরোধিতা করেছে। এক সময়ের দালাল সব সময়ের দালাল। জামায়াত দালালি ছাড়া আর কিছু বোঝে না।”

Image
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চে মঙ্গলবার কৃষক লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ২৫, ২০১২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চে মঙ্গলবার কৃষক লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ২৫, ২০১২

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশজুড়ে গণজাগরণ থেকে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের দাবি উঠেছে।

রাজীব হত্যাকাণ্ডের জন্য তার সহযোদ্ধা ও স্বজনরা জামায়াত-শিবিরকে দায়ী করছে। 

রাজীবের নামে কয়েকটি সংবাদ মাধ্যমের অপপ্রচারের সমালোচনা করে মতিয়া বলেন, “রাজীব জীবিত থাকাবস্থায় তারা কেন এসব লিখল না। রাজীব নিহত হওয়ার পর তার নামে এসব অপপ্রচার চালাচ্ছে। তারা নর্দমার কীট।”

ইসলামের নামে যারা ‘ব্যবসা’ করেন তাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “বঙ্গবন্ধু এদেশে মদ নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে ৩৬০টি মদের লাইসেন্স দেয়। তখন কোথায় ছিলেন আপনারা?”