কাদের সিদ্দিকীকে তলব
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য দেয়ায় অভিযোগে দায়ের করা একটি মামলায় কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে তলব করেছে আদালত।
রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটের বাসিন্দা রুহুল আমিন মজুমদার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা এ মামলার আর্জিতে বলেন, “কাদের সিদ্দিকী গত ৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক-শ্রমিক-জনতা লীগের এক সভায় বলেন, রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়। তার এ বক্তব্য পরদিন গণমাধ্যমে আসে।”
বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কাদের ওই অনুষ্ঠানে বলেন, “মুক্তিযুদ্ধের সময় মহীউদ্দীন খান আলমগীর (বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী) ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ছিল কীভাবে?... তিনি যে রাজাকার ছিলেন, তার প্রমাণ আমি দিতে পারব।”
বাদী আর্জিতে বলেন, কাদের সিদ্দিকীর ওই বক্তব্যে মুক্তিযোদ্ধা হিসেবে তারও মানহানি হয়েছে। এ কারণেই তিনি মামলাটি দায়ের করেছেন।
