২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাখ্যানের আহ্বান ১৪ দলের

জামায়াতের ডাকা সোমবারের হরতাল প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্ালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদ্যস্য মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

তিনি বলেন, তরুণদের সঙ্গে আমরা ১৪ দল জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছি। আপনারা যানবাহন চালাবেন, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেবেন।”

হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে নাসিম বলেন, “আজ রাজীবের রক্তে ভেজা ঢাকা শহর। রাজীবের রক্তেভেজা বাংলাদেশ। এই ঘাতকরা কোন সাহসে হরতাল ডাকে? আমরা দেশবাসীকে আহ্বান জানাই আপনারা বাংলাদেশকে স্বাভাবিক রাখুন। হরতাল প্রত্যাখ্যান করুন।”

এর আগে সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেন ১৪ দলের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন নাসিম।

আগামী ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১৪ দলের সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী সংসদে পাস হওয়ায় ১৪ দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

নাসিম বলেন, জামায়াত-শিবিরের হামলায় ব্লগার রাজীব নিহত হয়েছে। এছাড়া সারাদেশে আরো অনেককে খুন করেছে তারা। আমরা জামায়াত-শিবির ক্যাডারদের দ্রুত শাস্তির দাবি জানাই।

শাহবাগের গণজাগরণকে ‘স্যালুট’ জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, প্রজন্ম চত্বরের স্লোগানকে ভয় পেয়েই তারা রাজীবকে হত্যা করেছে। জামায়াত-শিবির বিএনপির ছত্রছায়ায় এই হামলা করার সাহস পেয়েছে।

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষেদের সদস্য তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান, শিরিন আক্তার, ন্যাপের এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, গণআযাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।