জামায়াতের মরণ কামড় দেয়ার অবস্থা: সুলতানা কামাল
দেশব্যাপী গণজাগরণের কারণে জামায়াতে ইসলামীর মরণ কামড় দেয়ার অবস্থা হয়েছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।
শনিবার বরিশাল প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, জামায়াতের সাম্প্রতিক তাণ্ডবে আশ্চর্য হওয়ার কিছু নেই। তাদের মরণ কামড় দেয়ার অবস্থা হয়েছে। তারা সহজে তাদের অবস্থান ছেড়ে দিতে চাইবে না।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর এই মতবিনিময় সভায় সুলতানা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জামায়াত সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষ জামায়াতকে কী পরিমাণ ঘৃনা করে, কীভাবে দলটির বিলুপ্তি চায় সেটা তারা দেখছে।
তিনি বলেন, “৭৫’র পর থেকে জামায়াত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক শক্তি অর্জন করেছে। তারা দাপটে বাংলাদেশের পতাকা উড়িয়ে আমাদের চোখের সামনে দিয়ে রাস্তায় চলেছে। আমরা কিছু বলতে পারিনি।”
“আজ তারা দেখছে, সেখান থেকে তাদের অবস্থান সরে গেছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা তো মরিয়া অবস্থান নেবেই। তারা (জামায়াত) কতটা ভয়ানক, বীভৎস ও নৃশংস সেটা আমরা ৭১-এ দেখেছি।”
স্বাধীনতার পক্ষের শক্তিকে শক্তভাবে সুরক্ষা দিয়ে সরকারকে এসবের মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
“হয়তো আমাদের কিছু ক্ষতি হবে। ক্ষতির মধ্য দিয়ে আমরা একটা অবস্থানে যাব, যেখানে দেখব বাংলাদেশে রাজাকার-আলবদর-আলশামস আর জামায়াত-শিবিরের কোনো চিহ্ন নেই,” বলেন তিনি।
প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. হানিফ, জেলা মহিলা পরিষদ সভানেত্রী রাবেয়া খাতুন, ব্লাস্টের সভাপতি আব্দুল গাফফার খান, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, এনায়েত হোসেন চৌধুরী, জেলা মানবাধিকার জোট সভাপতি সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।
