কক্সবাজারে ১১২ জামায়াতকর্মী আটক
নাশকতা চালাতে পারে এমন আশঙ্কায় কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুমার নামাজের পর ‘আল্লামা সাঈদী মুক্তি পরিষদের’ ব্যানারে ব্যাপক সংখ্যক লোক জমায়েত করে শহরে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার খবর আছে গোয়েন্দাদের কাছে।
“এ লক্ষ্যে জামায়াত বিভিন্ন স্থান থেকে শহরে লোক জড়ো করছে।”
পুলিশ সুপার বলেন, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আটক নেতাকর্মীদের পুলিশ লাইনে রাখা হয়েছে।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে জামায়াতে ইসলামী ও তাদের সহযেগী সংগঠন ইসলামী ছাত্র শিবির।
মঙ্গল ও বুধবার রাজধানীর কারওয়ানবাজার ও মতিঝিলে তারা ব্যাপক তাণ্ডব চালায়। জামায়াতের মিছিল থেকে ছোড়া গুলিতে ও ঢিলের আঘাতে ঢাকা মহানগর পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।
আর বৃহস্পতিবার শিবির কর্মীদের হামলায় রাজশাহীতে আহত হন সাত পুলিশ সদস্য।
