তরুণদের ‘সজাগ’ থাকতে আহ্বান মাহবুবুরের
যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে চলমান আন্দোলনকে যাতে কেউ ভিন্ন খাতে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর বলেন, “এই উদ্যোগ মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের চেতনার উন্মেষ। আমরা একে সাদুবাদ জানাই। এটা দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে।”
আন্দোলনকারী তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের উদ্দেশ্য মহৎ। তবে সুবিধাবাদীরা যাতে এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত না করতে পারে, সেজন্য সব সময় সজাগ থাকতে হবে।"
জাতীয় প্রেসক্লাবের সভাকক্ষে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শাহবাগে গণজাগরণ ও এর গতি প্রকৃতি’ শিরোনামের আলোচনা সভায় সাবেক এই সেনা প্রধান বলেন, “বিএনপি সব সময় যুদ্ধাপরাধীর বিচারের কথা বলে আসছে। আমরা একাত্তরের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার চাই। সেই বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হতে হবে।”
তিনি বলেন, শাহবাগে আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থাকলে এদেশকে কেউ ধ্বংস করতে পারবে না।
তবে যুদ্ধারাধের বিচারের পাশাপাপশি দেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও দুর্নীতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে শাহবাগের তরুণদের কথা বলতে আহ্বান জানিয়ে মাহবুবুর বলেন, “দেশকে মহাসংকট থেকে উত্তরণে এগিয়ে যাওয়ার পথ দেখাতে হবে তাদের।”
চলমান এই আন্দোলন নিয়ে একটি মহল বিশেষ ‘ষড়যন্ত্র’ করছে বলেও অভিযোগ করেন তিনি।
সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল মো. শাহজাহান মিলন, সাবেক সাংসদ শাহ আবু জাফর, হেলেন জেরিন খান, হৃদয় বাংলাদেশের সভাপতি মো. হানিফ, কৃষক দলের শাহজাহান সম্রাট প্রমুখ বক্তব্য দেন।
