বাসে ‘শিবিরের হামলা’, শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সিলেট শহীদ মিনারে গণজাগরণ মঞ্চ থেকে ফেরার পথে শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার রাত পৌনে ১০ টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে শিক্ষার্থীরা।
অবরোধকারী শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, রাত পৌনে ৯টার দিকে গণজাগরণ মঞ্চ থেকে ফেরার পথে শিবিরের নেতাকর্মীরাই বিশ্ববিদ্যালয় বাসে চোরাগোপ্তা হামলা করে। তাই এই হামলার সাথে জড়িত শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে।
পরে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রক্টর হিমাদ্রী শেখর রায় ও জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ হামলাকারী সম্পর্কে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। তবে ছাত্রশিবিরের নেতাকর্মীরা চোরাগুপ্তা হামলার সাথে জড়িত অভিযোগ এনে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি হামলাকারী যারাই হোক তাদের অচিরেই গ্রেপ্তার করা হবে।”
বুধবার রাতে সাড়ে ৮ টায় নগরীর চৌহাট্টা গণজাগরণ মঞ্চ থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী বাসটি নগরীর মদিনা মার্কেট সংলগ্ন এলাকায় পৌছলে তাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক হামলা করে।
শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা শিবিরের নেতাকর্মী।
ওই ঘটনায় ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
