২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টায় বিএনপি’

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের চলমান আন্দোলনকে বিএনপি ভিন্ন খাতে নিয়ে জামায়াতকে রক্ষা করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM


তিনি বলেছেন, “বিএনপি এখনো জামাত-শিবিরকে রক্ষা করতে চায়।

“কিন্তু যে আন্দোলন শুরু হয়েছে, তাতে এমন একটা সময় আসবে, যখন বিএনপি তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে।”

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার সন্ধ্যায় ১৪ দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন হানিফ।

Image
আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বুধবার বসন্তের প্রথম দিনেও শাহবাগ মোড়ে বিক্ষোভ চলে।

আব্দুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বুধবার বসন্তের প্রথম দিনেও শাহবাগ মোড়ে বিক্ষোভ চলে।

গণজাগরণ মঞ্চের আন্দোলন প্রসঙ্গে মঙ্গলবার দেয়া বিএনপির বিবৃতির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা বলেন, “বিএনপি গণজাগরণের প্রথম থেকে কটূক্তি করে আসছে। তারা এ আন্দোলনকে স্বাগত জানিয়েছে, কিন্তু সমর্থন করেনি।”

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে হানিফ বলেন, “আগামী দিনে জামাত-শিবিরকে নিষিদ্ধ করতে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হবে।”

টানা নবম দিন পর্যন্ত বিরামহীনভাবে গণজাগরণের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তরুণদের অভিনন্দন ও সমর্থন জানান ১৪ দলের এই নেতা।

জামায়াত-শিবির দেশে অরাজকতা সৃষ্টির জন্য তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করে হানিফ বলেন, “আমরা জামাত-শিবিরের ভাংচুর ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে জামাত-শিবিরের তাণ্ডব রুখে দিতে হবে।”

এদিকে সংবাদ সম্মেলনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, জামায়াতের মুখপাত্র সংগ্রাম, দৈনিক পত্রিকা নয়াদিগন্ত ও আমার দেশ, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আওয়ামী লীগসহ ১৪  দলের সংবাদ সংগ্রহ করতে দেয়া হবে না।

এরপর ধানমন্ডির অফিস থেকে সংবাদ সংগ্রহ করতে আসা প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা ফিরে আসে।

এই পাঁচটি প্রতিষ্ঠান অবশ্য এই সরকারের শুরুর দিক থেকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ঢুকতে পারে না। পূর্ব ঘোষিত ১৬ তারিখের গণপদযাত্রার পর ১৪ দল আগামী ১৯ ফেব্রুয়ারি বড় ধরনের সমাবেশ করবে বলেও জানান হানিফ।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, নূহ-উল-আলম লেনিন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলে সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণ আজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।