তাণ্ডবে উস্কানি খালেদার: টুকু
রাজধানীসহ সারাদেশে জামায়াত ও শিবিরের তাণ্ডবে বিরোধীদলের নেতা খালেদা জিয়া উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধীতাকারী সংগঠন ও বিরোধীদল বিএনপির উস্কানি ও পরামর্শে নাশকতা মূলক কর্মকান্ড চালানো হচ্ছে। এর মূল উস্কানীদাতা হলেন খালেদা জিয়া, যুদ্ধাপরাধীদের রক্ষায় তিনি যুদ্ধ ঘোষণা করেছেন।"
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। সর্বশেষ মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার এলাকায় তারা ব্যাপক তাণ্ডব চালায়। মতিঝিলেও তারা হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়।
বুধবার টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিল, পল্টন ও ফকিরাপুল এলাকায় ঝটিকা মিছিল ও ভাংচুর চালিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।
জামায়াত শিবিরের নাশতামূলক কর্মকাণ্ড দমনে আরো তীব্রতর ব্যবস্থা গ্রহন করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনতাই চোরাগোপ্তা হামলা প্রতিরোধে নিরাপত্তা বলয় গড়ে তুলবে।
"জামায়াত শিবির চোরাগোপ্তা হামলা, এমনকি গুলি করছে, পরিস্থিতি নিয়ন্ত্রনে আইন-শৃঙ্খলা বাহিনী জীবন বাজি রেখে কাজ করছে, অনেক পুলিশ আহতও হয়েছে।"
জামায়াত শিবিরের নাশকতা দমন ও প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নাশকতার ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে চারভাগের এক ভাগ গ্রেপ্তার করা হচ্ছে, ধীরে ধীরে এদের নির্মূল করা হবে।
শাহবাগের প্রজন্ম চত্বর থেকে জামায়াত-শিবিরকে শিক্ষা নেয়ার জন্য আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
