দেশব্যাপী গণজাগরণে সন্তুষ্ট সরকার: মুহিত
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশব্যাপী গণজাগরণে সরকার সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রহলের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। আর মানুষ রাস্তায় নেমে যে চেতনা প্রকাশ করছে, সরকার তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।”
অর্থমন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে, সকল যুদ্ধাপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে গত ৫ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায় প্রত্যাখান করে কাদের মোল্লার ফাঁসির দাবিতে পরদিনই রাস্তায় নেমে আসে তরুণ সমাজ। পরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ গড়তে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে মুহিত বলেন, কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনেকটা অগ্রগতি সাধিত হয়েছে। আর এগুলো সম্ভব হয়েছে প্রযুক্তির কল্যাণে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদার, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঞা প্রমুখ।
এর আগে অর্থমন্ত্রী সিলেট এমসি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।
