২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে মামলা নেয়নি আদালত

অভিযোগ দায়েরের এখতিয়ার না থাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন বাতিল করে দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 05:27 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

Image
খালেদা জিয়া

খালেদা জিয়া

ওয়াশিংটন টাইমসে প্রকাশিত নিবন্ধে বিদেশি শক্তিকে আহ্বান জানিয়ে খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন অভিযোগ করে সকালে মহানগর হাকিম আদালতে এই মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউল মালেক।

মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে দুপুরে এ বিষয়ে শুনানি হয়।

বিএনপিপন্থী আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, “পূর্বানুমতি না থাকায় আদালত অভিযোগ শোনার পর আবেদনটি খারিজ করে দিয়েছে।”

আদেশে বিচারক বলেন, “রাষ্ট্রদ্রোহিতা মামলার জন্য আবেদনকারী যথাযথ ব্যক্তি নন। তাই ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারায় মামলাটি খারিজ করা হলো।”

১৯৬ ধারায় বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার  মামলা করতে পারবেন তিনিই, যিনি সরকার বা সরকারের বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি।তা ছাড়া কোনো ব্যক্তির দায়ের করা কোনো নালিশ বা অভিযোগ আদালত আমলে নেবে না।

গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন টাইমসে প্রকাশিত খালেদা জিয়ার ওই নিবন্ধে বলা হয়, “এ সময়ে সবকিছুই চরম বিপদের মুখোমুখি। মার্কিন নেতৃত্বে পুরো বিশ্বকে এখন বাংলাদেশে গণতন্ত্র-রক্ষার জন্য কাজ করতে ও নিশ্চয়তা দিতে হবে।”

ওই নিবন্ধ প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নিবন্ধের সমালোচনা করে বলেন, বিরোধীদলীয় নেতা অন্য দেশকে ডেকে বাংলাদেশকে শায়েস্তা করতে চাইছেন।

শুনানির শুরুতে বাদি খালেদা জিয়াকে ‘স্বল্প শিক্ষিত’ আখ্যায়িত করে জবানবন্দি দেয়া শুরু করলে আদালতে উপস্থিত বিএনপি সমর্থক প্রায় ৪০/৫০ জন আইনজীবী  চিৎকার করে তাকে ধমকাতে শুরু করেন।

বিচারক এ সময় জানতে চান, “আপনারা কারা? আপনারা কেন আদালতের পরিবেশ নষ্ট করছেন? বাদির অভিযোগ থাকতেই পারে।বাদি মামলা করতে আসতেই পারেন।

আইনজীবীদের থামতে বলে বিচারক বাদিকে জিজ্ঞেস করেন, “আপনি কি সরকারের ক্ষমতাপ্রাপ্ত কোনো বৈধ যথাযথ ব্যক্তি। আপনি কি মামলা করার অনুমতি প্রাপ্ত?”

বাদি ‘না’ সূচক জবাব দিলে বিচারক মামলাটি খারিজের আদেশ দেন।