২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নেতা আবদুল্লাহ সরকার নেই

শ্রমিকনেতা, সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সরকার মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 11:51 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহজাদপুরের ভাইয়ের বাসায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার স্ত্রী ও রাজনৈতিক সহযোদ্ধা তাহেরা বেগম জলি।

৭২ বয়সী এই রাজনীতিক দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

বেলা সাড়ে ১১টায় শাহজাদপুরে বাসদের সাবেক নেতা আবদুল্লাহ সরকারের জানাজা হয়। সেখানে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীসহ তার রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের সঙ্গীরা অংশ নেন।

এর পর দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, হুইপ আ স ম ফিরোজ এবং সংসদ সদস্য ও সহ সংসদ সচিবালয়ের উধ্বর্তন কর্মকর্তারা।

এছাড়াও তার একসময়ের সহযোদ্ধা নাগরিক ঐক্যের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে স্পিকার আবদুল হামিদের পক্ষে ডেপুটি স্পিকার শওকত আলী এবং চিফ হুইপ আব্দুস শহীদের পক্ষে হুইপ আ স ম ফিরোজ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার চাঁদপুরের হাইমচরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

আবদুল্লাহ সরকারের মৃত্যুতে এক শোকবার্তায় স্পিকার বলেন, “তার অবদান দেশবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আবদুল্লাহ সরকার ১৯৭৩ সালে স্বাধীনতা পরবর্তী প্রথম জাতীয় সংসদে আওয়ামী লীগের আধিপত্যের মধ্যেও বর্তমান চাঁদপুরের একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।

১৯৮০ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে বেরিয়ে বাসদ প্রতিষ্ঠা করায় অন্যতম উদ্যোক্তা ছিলেন আবদুল্লাহ সরকার। ২০১০ সাল পর্যন্ত তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।ওই বছর জুলাই মাসে মতাদর্শিক ভিন্নতার কারণে দল থেকে পদত্যাগ করেন তিনি।

১৯৪২ সালের ২১ ফেব্রুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলার এক জোতদার পরিবারে জন্ম নেন আবদুল্লাহ সরকার। চাঁদপুর কলেজ থেকে বিএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন। ১৯৭১ সালে তিনি কুমিল্লায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। এখানে ‘মুজিব বাহিনী’র সদস্য সংগ্রহে সমন্বয়কের দায়িত্ব ছিল। স্বাধীনতার পর তিনি জাসদে যোগ দেন।  

জাসদের সহ-সভাপতি থাকা অবস্থায় ১৯৭৪ সালে জাতীয় সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনীর বিল নিয়ে আলোচনায় এর বিরোধিতা করে ওয়াক আউট করেন আবদুল্লাহ সরকার।

ওই সময় হুলিয়া নিয়ে আত্মগোপনকারী আবদুল্লাহ সরকার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রকাশ্যে এলেও জিয়াউর রহমানের সময় কারাবন্দি হন। কর্নেল তাহেরের ফাঁসি কার্যকরের পর কারাফটক থেকে তিনিই লাশ গ্রহণ করেন।

বাসদ ছাড়ার আগ পর্যন্ত সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি ছিলেন আবদুল্লাহ সরকার। শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের (স্কপ) সামনের সারির নেতাও ছিলেন তিনি।

আবদুল্লাহ সরকার হাইমচর গার্লস হাই স্কুল ও হাইমচর বয়েজ হাইস্কুলের প্রতিষ্ঠাতা। এছাড়া হাইমচরে শহীদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতাও সাবেক এই ছাত্রনেতা।

আবদুল্লাহ সরকার ও তাহেরা বেগম জলি দম্পতির দুই মেয়ে রয়েছে।